হুতিদের রুখতে দ্রুত স্থলসেনা চায় ইয়েমেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিয়া হুতি বিদ্রোহীদের রুখতে আরব জোটের কাছে দ্রুত স্থলসেনা মোতায়েনের আহ্বান জানিয়েছে ইয়েমেন। সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ষষ্ঠ দিনের মতো হামলা চালিয়েছে। বলা হচ্ছে, ছয় দিনের মধ্যে গতকালের হামলাই ছিল সবচেয়ে প্রচণ্ড। এ প্রেক্ষাপটে হুতিদের সমর্থন দেওয়া ইরান বলেছে, সৌদি আরব ও তারা মিলে এ সংকটের সমাধান করতে পারে। খবর এএফপি ও রয়টার্সের।
ইয়েমেন সরকার হুতিদের দমনে আরব দেশগুলোর স্থলপথে অভিযান চায় কি না, জিজ্ঞেস করা হলে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন ইতিবাচক জবাব দেন। আল-আরাবিয়া হাদাত টিভিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের অবকাঠামো ও অবরুদ্ধ মানুষকে রক্ষায় যত দ্রুত সম্ভব তা প্রয়োজন।’
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার রাতেও ইয়েমেনের রাজধানী সানায় মুর্হুমুহু বোমা বর্ষণের আওয়াজ পাওয়া যায়। আরব বাহিনী নগরের একটি ক্ষেপণাস্ত্র ডিপোতে হামলা চালায়। সানার অধিবাসী আসেম আল-সাবরি বলেন, ‘কাল সানার জন্য ছিল ভয়ানক একটি দিন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বোমা হামলা চলেছে।’
মঙ্গলবার ভোরে যৌথ আরব বাহিনী ইরানপন্থী হুতি এবং রিপাবলিকান গার্ডের দুটি শিবিরে বিমান হামলা চালায়। দুটি শিবিরই দক্ষিণের শহর দালেতে অবস্থিত। ওই দুই শিবির থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। পাশাপাশি যৌথ বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগর তায়েজের একটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এই বিমানঘাঁটিটি রিপাবলিকান গার্ডের কবজায় ছিল। ইয়েমেনে যৌথ বাহিনীর হামলা শুরু হওয়ার পর প্রথমবারের মতো তারা শিয়া-অধ্যুষিত শহর ধামারে হামলা চালায়। এলাকাটি হুতিদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয়।
এদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি অভিন্ন সামরিক বাহিনী গড়ে তোলার পরিকল্পনাকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রচেষ্টায় পেন্টাগনের সহযোগিতা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার গত সোমবার নিউইয়র্কে এ সহযোগিতার কথা জানান। গত রোববার মিসরে আরব লিগের বৈঠকে ‘ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির’ কারণে ওই বাহিনী গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।