হুতিদের স্কাড ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কাড ক্ষেপণাস্ত্র
স্কাড ক্ষেপণাস্ত্র

সৌদি আরব বলেছে, সে দেশের দিকে প্রতিবেশী ইয়েমেন থেকে হুতি বাহিনীর ছোড়া একটি স্কাড ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব বাহিনীর গত দুই মাসের লড়াইয়ে এটি এক বড় ঘটনা। কারণ, এ সংঘাতে এবারই প্রথম স্কাডের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। খবর এএফপি ও রয়টার্সের।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গতকাল জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুসাইতের উদ্দেশে শুক্রবার গভীর রাতে ওই স্কাড নিক্ষেপ করা হয়। সৌদি বাহিনী দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়ে এটি ধ্বংস করে দেয়। ওই এলাকাতেই সৌদি বিমানবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটির অবস্থান।
শিয়া হুতি বাহিনীর ওপর সৌদি সীমান্ত এলাকায় ‘বেশ কয়েকটি স্থানে’ হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী। তাদের পক্ষ থেকে গতকাল শনিবার এ কথা জানানো হয়েছে।
কয়েকটি আরব দেশের জোট বাহিনী গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বোমাবর্ষণ করছে। তাদের লক্ষ্য ক্ষমতা দখলকারী হুতি বাহিনীকে হটিয়ে দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করা। ইয়েমেনের গত কয়েক সপ্তাহের লড়াইয়ে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভা শহরে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। হুতি বিদ্রোহীরা ওই আলোচনায় যোগ দেবে বলে গত শুক্রবার নিশ্চিত করেছে। ১৪ জুন থেকে এ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ইয়েমেনে লড়াই বন্ধ করার লক্ষ্যে এটিই হবে প্রথম কোনো তাৎপর্যপূর্ণ আলোচনা। সৌদি আরবে নির্বাসিত ক্ষমতাচ্যুত ইয়েমেন সরকারও ওই আলোচনায় যোগ দেবে।