হুতিবিরোধীদের জন্য অস্ত্র ফেলছে আরব জোট বাহিনী

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী শিয়া হুতি বিদ্রোহী এবং তাদের সহযোগীদের লক্ষ্য করে বোমা হামলা অব্যাহত রেখেছে। হুতিবিরোধী যোদ্ধাদের জন্য বিমান থেকে গতকাল শনিবার অস্ত্রও ফেলেছে জোট বাহিনী। খবর এএফপি ও রয়টার্সের।
এডেন সৌদি-সমর্থিত ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির শেষ আশ্রয়স্থল। হুতিদের অভিযানের মুখে তিনি হাদি এডেন ছেড়ে এখন সৌদি আরবে। হুতি বিদ্রোহীরা গত বৃহস্পতিবার লড়াইয়ের একপর্যায়ে এডেনের কেন্দ্রস্থল এবং প্রেসিডেন্ট হাদির প্রাসাদ দখল করে ফেলে। পরে জোট বাহিনীর বিমান হামলার মুখে শুক্রবারই তারা পিছু হটতে শুরু করে।
হামলার পাশাপাশি আরব জোট বাহিনী হাদির সমর্থকদের উদ্দেশ্যে প্যারাসুটে করে অস্ত্র ফেলেছে। হাদি-সমর্থকদের কাঠের বাক্স খুলে এসব অস্ত্র নাড়াচাড়া করতে দেখা যায়। হাদির পক্ষের বাহিনীর স্থানীয় প্রধান আহমেদ কাশেম আল-শোয়ায়ি অস্ত্রের জন্য সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশকে ধন্যবাদ জানান।
এদিকে গত ২৬ মার্চ জোটের হামলা শুরু হওয়ার পর থেকে এডেনে এ পর্যন্ত ১৮৫ জন নিহত এবং এক হাজার ২৮২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক আল-খেদার লাসোর। তিনি বলেন, হতাহতদের মধ্যে তিন-চতুর্থাংশই সাধারণ মানুষ। তবে এর মধ্যে হুতি বিদ্রোহীদের হিসাব নেই।
আল-খেদার লাসোর জানান, এডেনের সরকারি হাসপাতালগুলোতে জরুরি ওষুধপত্র শেষ হয়ে গেছে। অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে রেডক্রস ইয়েমেনে ত্রাণ ও স্বাস্থ্যকর্মীসহ বিমান ও নৌপথে পাঠানো তিনটি চালান নিরাপদে পৌঁছানোর জন্য সৌদি নেতৃত্বাধীন বাহিনীর কাছে আবেদন জানিয়েছে।