হুমকিতে বোর্নিওর বনমানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের এক পামবাগানে পথ হারিয়ে ঢুকে পড়েছিল বিপন্ন প্রজাতির একটি ওরাংওটাং, বাংলায় যাকে বলে বনমানুষ। বন্য প্রাণী হত্যায় বিধিনিষেধের তোয়াক্কা না করে সেটিকে গুলি করে মারলেন বাগানের কর্মীরা। পরে সেটিকে কেটেকুটে রান্না করে সারলেন ভূরিভোজ।
পুলিশ ও পরিবেশকর্মীরা গতকাল বৃহস্পতিবার জানান, কাপুয়াস হুলু এলাকায় নিরীহ ওই প্রাণীকে এভাবে মেরে ফেলা হয়।
বোর্নিওর পুলিশপ্রধান জুকিমন সিতুমোরাং এএফপিকে বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে আটক ব্যক্তিদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে শুধু আইন দিয়ে ওরাংওটাং নিধন ঠেকানো যাচ্ছে না।
পরিবেশবাদী সংগঠন সেন্টার ফর ওরাংওটাং প্রোটেকশন (সিওপি) সর্বশেষ এ ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট পামবাগান পরিচালনাকারী প্রতিষ্ঠান ও অভিযুক্ত কর্মীদের বিচার করার অনুরোধ জানিয়েছে। সংগঠনটির প্রধান হার্দি বাকতিয়ানতোরো পামওয়েল কোম্পানিগুলোর সমালোচনা করে বলেন, তারা এমন সব আইনকানুন বানাচ্ছে, যার মাধ্যমে পামগাছের কোনো ক্ষতি হলে কর্মীদের সাজা দেওয়া সহজ হয়। সিওপির প্রধান আরও বলেন, এসব আইনের নেতিবাচক দিকগুলোর শিকার হচ্ছে ওরাংওটাং। নিরীহ এই প্রাণী ভুলক্রমে নিজেদের এলাকা ছেড়ে পামবাগানে ঢুকে পড়লে কর্মীরা চাকরি বাঁচাতে কীটপতঙ্গের মতোই এদের ওপর হামলা করছেন।
বোর্নিও দ্বীপে পামগাছের চাষ ক্রমেই বাড়ছে। এটা ওরাংওটাংয়ের প্রাকৃতিক অভয়ারণ্য ধ্বংস করছে বলে অভিযোগ উঠেছে। গত ২০ বছরে বোর্নিওতে ওরাংওটাংয়ের সংখ্যা অর্ধেকে নেমে গেছে।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এই প্রাণীর আদি আবাস হলেও বর্তমানে শুধু বোর্নিও ও সুমাত্রার রেইন ফরেস্টেই এদের পাওয়া যায়।