আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী সানগিনে অবরুদ্ধ পুলিশ ও সেনাদের উদ্ধারে শহরটিতে সরকারি বাহিনীর সামরিক শক্তি বাড়ানো হয়েছে। প্রচণ্ড লড়াইয়ের কারণে সেখান থেকে সাধারণ মানুষ প্রাণভয়ে পালাচ্ছে। খবর বিবিসির।
হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মদ জান রসুলেয়ার বিবিসিকে সানগিন শহরে সামরিক শক্তি বৃদ্ধির তথ্য জানান। তিনি আরও বলেন, শহরটিতে সরকারি বাহিনীর অবস্থানগুলোতে সামরিক বিমান থেকে খাবারও ফেলা হয়েছে। জান রসুলেয়ার বলেন, সেনাবাহিনী এখন তালেবানের সঙ্গে তীব্র লড়াই চালাচ্ছে।
তালেবানও জোর দিয়ে বলেছে, সানগিন শহরের অবরোধ তারা ছাড়বে না। শিগগিরই সরকার নিজেদের পরাজয়ের কথা ঘোষণা করবে।
বিবিসির খবরে বলা হয়, হেলমান্দ প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় এক বড় লড়াইয়েরই অংশ সানগিনের এ যুদ্ধ। সীমান্তবর্তী প্রদেশটির নিয়ন্ত্রণ তালেবান নিয়ে নিলে সেটি হবে আফগান সরকারের জন্য এক বড় পরাজয়। আফগানিস্তানে তালেবান বিদ্রোহের কেন্দ্রবিন্দু হলো এ প্রদেশ। এটি দেশটির লাভজনক আফিম বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সরবরাহ পথ। প্রতিবেশী পাকিস্তানের কাছাকাছি অবস্থান হওয়ায় এর বৃহত্তর কৌশলগত গুরুত্বও রয়েছে।
হেলমান্দে সামরিক শক্তি বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার আগে সানগিনের পুলিশ কমান্ডার মোহাম্মদ দাউদ বিবিসিকে বলেন, শহরে খাবার ও সরকারি বাহিনীর অস্ত্রশস্ত্রের মজুত ফুরিয়ে আসছে। তিনি আরও বলেন, গত মাসেও শহরটিতে তালেবানের সঙ্গে লড়াইয়ে আফগান বাহিনীর ৩৬৫ জন হতাহত হন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে গত বছর বিদেশি সেনাদের এক বড় অংশ প্রত্যাহার করে নেয়। এর আগ পর্যন্ত আফগানিস্তানে ন্যাটো জোটের সামরিক তৎপরতা পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় হেলমান্দ।
গত মঙ্গলবার সানগিনের পুলিশ সদর দপ্তর অবরুদ্ধ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার দখল নেয় তালেবান। শহরের প্রায় সব সড়কের নিয়ন্ত্রণও নেয় তারা। এ অবস্থায় পুরো প্রদেশ তালেবানের হাতে পতনের মুখে বলে মনে করা হচ্ছে। রাজধানী সানগিনের পুরোপুরি নিয়ন্ত্রণ তালেবানের হাতে এরই মধ্যে চলে যাওয়া নিয়ে পরস্পরবিরোধী খবর রয়েছে।
সানগিনের সাম্প্রতিকতম ঘটনার আগে গত সেপ্টেম্বরে তালেবান আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের আংশিক দখল নিয়ে নেয়। দেশটিতে ১৪ বছর ধরে তালেবানের বিরুদ্ধে আফগান ও বহুজাতিক বাহিনীর লড়াইয়ের পরও তালেবানের ওই সাফল্য সরকারের জন্য উদ্বেগের সৃষ্টি করে।