হেলমান্দে বোমায় একই পরিবারের ১২ জন নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। গত শনিবার রাতে প্রদেশের তালেবান-অধ্যুষিত মারজাহ জেলায় এই ঘটনার কথা জানিয়েছে বিবিসি। তবে গতকাল রোববার রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় ৯ শিশু, ৮ নারীসহ ১৯ জন নিহত হয়েছে।
স্থানীয় পুলিশপ্রধান নাবিল জান মোল্লাখাইল সাংবাদিকদের জানান, একটি পরিবারের সদস্যরা নিজেদের গাড়িতে চড়ে তালেবান-অধ্যুষিত জেলাটির পথ ধরে নিজেদের গ্রামে ফিরছিল। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি জানান, নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।
নিহত ব্যক্তিদের এক আত্মীয় বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, সরকারের আসন্ন তালেবানবিরোধী অভিযানের খবর পেয়ে পরিবারটি এলাকা ছাড়ছিল।
গত বছরের শেষ দিকে বিদেশি সেনাদের অধিকাংশই আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে।