হোমস ও দামেস্কে বোমায় নিহত ১০৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধকবলিত সিরিয়ার হোমস ও দামেস্ক শহরে একাধিক বোমা হামলার ঘটনায় শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত ব্যক্তির সংখ্যা ২০০। তবে বিভিন্ন খবরে হতাহত ব্যক্তির এই সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।

একটি মানবাধিকার পর্যবেক্ষক সংগঠন বলেছে, হোমসে দুটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৭ জন। তাঁদের অধিকাংশই বেসামরিক লোক। আর সিরিয়ার সরকারি গণমাধ্যম বলেছে, হোমসের এ হামলার পর দামেস্কে অন্তত চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে আরও ৫০ জন। দামেস্কের এই বিস্ফোরণগুলো হয় শহরটির দক্ষিণ উপকণ্ঠের সৈয়দা জয়নব নামক এলাকায়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দামেস্কের হামলার দায় স্বীকার করেছে বলে খবরে বলা হয়। অতীতে এ দুই শহর সংগঠনটির বড় ধরনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার নজির রয়েছে। শহর দুটি মুসলিমদের একটি সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত।

দুই হামলা এমন সময়ে সংঘটিত হলো, যখন এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, সিরিয়ায় আংশিক যুদ্ধবিরতির ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি ‘সাময়িক মতৈক্য’ প্রতিষ্ঠিত হয়েছে।

হোমসে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে আলাবি সম্প্রদায় অধ্যুষিত একটি এলাকায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্প্রদায়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এ ছাড়া দামেস্কের চারটি বিস্ফোরণ ঘটেছে শিয়া সম্প্রদায়ের কিছু পবিত্র স্থানে। আইএসের সঙ্গে যুক্ত দ্য আমাক বার্তা সংস্থার খবরে বলা হয়, আইএস সদস্যরা একটি গাড়িবোমা ও বিস্ফোরকভর্তি কিছু বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছেন। গত মাসে হোমসে কয়েকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ৭১ জন প্রাণ হারিয়েছিলেন।

এদিকে, মানবাধিকার পর্যবেক্ষক সংগঠনটি আরও বলেছে, উত্তরাঞ্চলীয় নগর আলেপ্পোতে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান হামলার সমর্থনে সরকারি বাহিনীর আক্রমণে অর্ধশত আইএস যোদ্ধা নিহত হন।