হোসনি মোবারক ও তাঁর দুই ছেলের সাজা বহাল
অর্থ আত্মসাতের মামলায় মিসরের পদচ্যুত নেতা হোসনি মোবারক ও তাঁর দুই ছেলের তিন বছরের কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। আজ শনিবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে হোসনি মোবারককে আর কত দিন আটক থাকতে হবে তা স্পষ্ট নয়। গত অক্টোবরে তাঁর দুই ছেলে সাজা শেষে মুক্তি পেয়েছেন। তবে রয়টার্সের খবরে বলা হয়, এরই মধ্যে আসামিরা দণ্ড ভোগ করে ফেললেও তাঁদের হয়তো নতুন করে আবার কারাগারে যেতে হতে পারে।
৮৭ বছর বয়সী মোবারক ২০১১ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে বেশির ভাগ সময়ই সামরিক হাসপাতালে কাটিয়েছেন।
ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষণাবেক্ষণ কাজের নামে সরকারি তহবিল থেকে সাড়ে ১২ কোটি মিসরিয় পাউন্ড ( ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার)আত্মসাতের দায়ে মোবারককে ২০১৪ সালের মে মাসে দোষী সাব্যস্ত করেন কায়রোর একটি নিম্ন আদালত। তাঁকে এ জন্য তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় মোবারকের দুই ছেলে আলা ও গামালকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
এরপর গত বছরের জানুয়ারিতে মিসরের শীর্ষ আপিল আদালত কোর্ট অব ক্যাসেশন মোবারক ও তাঁর দুই ছেলের দণ্ড বাতিল করেন। আদালত আদেশে কারণ হিসেবে বলেন, নিম্ন আদালতে মামলাটির বিচারের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়াগুলো যথাযথভাবে মানা হয়নি। তবে মামলাটি পুনর্বিচার করার নির্দেশ দেন আদালত। এরপর মামলাটি পুনর্বিচারের পর গত বছরের ৯ মে আদালত হোসনি মোবারক ও তাঁর দুই ছেলেকে তিন বছর করে কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে আজ দেশটির শীর্ষ আপিল আদালত তাঁদের এ আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন।
৩০ বছর ধরে মিসর শাসন করার পর ২০১১ সালে গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হন মোবারক। তাঁর বিরুদ্ধে মোট চারটি মামলা হয়েছিল। তিনটি মামলাই ২০১৪ সালের নভেম্বরে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। মামলা তিনটি হলো ২০১১ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ষড়যন্ত্র করা, বাজারদরের চেয়ে কম দামে ইসরায়েলের কাছে গ্যাস বিক্রি ও অন্যান্য দুর্নীতি।