১০ বছর পরও 'জীবন্ত' সাদ্দাম

আজ ৩০ ডিসেম্বর। ২০০৬ সালের এই দিনে ফাঁসিতে ঝুলিয়ে ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ১০ বছরে সাদ্দাম কি ইরাকিদের মন থেকে মুছে গেছেন? বাস্তব অবস্থা বলছে, ‘না, সাদ্দাম এখনো জীবন্ত’।
বাগদাদের তরুণ দোকানি আনোয়ার। সাদ্দাম হোসেনের ছবি, প্রতিকৃতিসংবলিত মুদ্রা ও ডাকটিকিট বিক্রি করেন তিনি। এই স্বৈরশাসকের দিব্যি ‘বেঁচে থাকার’ কথাই যেন বলে যাচ্ছে আনোয়ারের দোকানটি। সঙ্গে মনের খোরাক জুগিয়ে যাচ্ছে স্মৃতিকাতর ইরাকিদের।
বিরোধীদের কাছে সাদ্দাম একজন নিষ্ঠুর শাসক; যিনি তাঁর দেশকে দুটি ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন। বিপরীতে এমন লোক আছেন যাঁরা গভীর মমতা ও ভালোবাসায় তাঁর অবদানকে স্মরণ করে বেঁচে আছেন। বিশেষত, ২০০৩ সালে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে ইরাকে চলতে থাকা রক্তক্ষয় ও অকার্যকর সরকারের অধীন দেশের দৈনন্দিন জীবনযাত্রা তুলনা করে তাঁদের কাছে স্মরণীয় সাদ্দাম।
প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরা ওই দোকানের মালিক আনোয়ার সে জন্যই হয়তো অতিযত্নে চামড়ার খাপে খোদাই করে লিখে রেখেছেন, ‘প্রেসিডেন্ট সাদ্দামের পক্ষ থেকে’। এ লেখা তুলে ধরছে তাঁর দোকানের পরিচিতিকে। দোকানের এক একটা সামগ্রীর তাৎপর্য তুলে ধরছিলেন আনোয়ার। বলছিলেন, এটা একটা উপহার, যা সাদ্দাম তাঁর ত্যাগী কর্মকর্তাদের দিতেন। তিনি বলেন, ‘আমি সব সময় সাদ্দামের স্মৃতিবিজড়িত জিনিস খুঁজি। তেমনটা পেলে অনেক সময় সেটা নিজের জন্যই রেখে দিই।’ সাদ্দামের প্রতি এই ভালোবাসা দেখানোর যুক্তি দিয়ে আনোয়ার বলেন, সাদ্দাম জানতেন কীভাবে দেশ শাসন করতে হয়।
সাবেক ইরাকি নেতা সাদ্দামকে ১৯৮২ সালে ইরাকের দুজাইল গ্রামে শিয়া সম্প্রদায়ের ১৪৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় আদালতের রায়ে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি অনেক বিরোধীকে জেলে ঢুকিয়ে, নির্যাতন চালিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে শায়েস্তা করেছেন। প্রতিবেশী ইরানের সঙ্গে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি দেশকে যুদ্ধে জড়িয়েছেন। ১৯৯০ সালে করেন কুয়েত দখল। যার জেরে ইরাকের ওপর নেমে আসে কয়েক বছরের শাস্তিমূলক আন্তর্জাতিক অবরোধ। নানা অভিযোগ সত্ত্বেও সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাকবাসীর জন্য ছিল স্থিতিশীলতা, মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা, চাকরি ও অধিকাংশের জন্য পণ্যসেবার মতো সুবিধা। কিন্তু তাঁর পতনের পর থেকেই এসবে ধস নেমে আসে।
২০০৩ সালে ইরাকে শুরু হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহজাতিক বাহিনীর আগ্রাসন। এর ফলে দেশটিতে সূচনা হয় বছরের পর বছর ধরে চলা সাম্প্রদায়িক সংঘাত-হানাহানি, অব্যাহত বোমাবর্ষণ, অপহরণ, হত্যাসহ নানা অরাজকতা। এটা চূড়ান্ত আকার ধারণ করে ২০০৬ থেকে ২০০৮ সালে।
ইরাকে মার্কিন বাহিনীর ব্যাপক উপস্থিতি ও অতিরিক্ত ইরাকি বাহিনীর সহায়তায় ওই সহিংসতা একসময় কিছুটা কমেও আসে। কিন্তু তা টেকেনি। এর মধ্যে ২০১১ সালে দেশটি থেকে নিজেদের সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সরকার শুরু করে বিরোধী ইরাকি সুন্নি আরবদের দমন। অবশ্য ব্যাপক হানাহানি ও সরকারবিরোধী বিক্ষোভের মুখে একের পর এক শহরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে তাঁর সরকার।
এ সুযোগে ২০১৪ সালে ইরাকে উত্থান জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)। ইরাকের রাজধানী বাগদাদের উত্তর ও পশ্চিমের নিয়ন্ত্রণ নেয় তারা।
আনোয়ারের দোকানে সাদ্দাম হোসেনের ছবি-সংবলিত ডাকটিকিট ও তাঁর ছবি নিয়ে করা বইয়ের দিকে তাকিয়ে ছিলেন আবু ওসামা নামের এক ক্রেতা। তিনি একজন সুন্নি। সাদ্দামের সেনাবাহিনীর একজন সদস্যও ছিলেন তিনি। কিন্তু বলছিলেন, তিনি তাঁর সাবেক এই কমান্ডার-ইন-চিফের সমর্থক নন। তবে বলেন, ‘আমি ন্যায়বিচার ভালোবাসি। আজ সেটাই আমাদের থেকে বিদায় নিয়েছে।’ এমনকি সিআইএর সাবেক কর্মকর্তা জন নিক্সন, যিনি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব পেয়েছিলেন, তিনিও সম্প্রতি বলেছেন, ইরাকে সাদ্দাম ক্ষমতায় থাকলে সেখানকার অবস্থা এখনকার চেয়ে অনেক ভালো থাকত।