১১৯তম জন্মদিনে আরও এক বছর বাঁচার ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার ১১৯তম বছরে পা দিয়েছেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি কানে তানাকা
ছবি: রয়টার্স

জাপানে বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষটি তাঁর ১১৯তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। তিনি এ বিশ্ব রেকর্ড আরও এক বছর ধরে রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

সিএনএনের খবরে বলা হয়েছে, বিশ্বের প্রবীণতম মানুষ একজন নারী। তাঁর নাম কানে তানাকা। কোমল পানীয় ও চকলেটের প্রতি এখনো তাঁর দুর্বলতা রয়েছে। গত রোববার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকোওকা প্রিফেকচারে একটি নার্সিং হোমে নিজের জন্মদিন পালনের মাধ্যমে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

২০১৯ সালের মার্চে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ কানে তানাকাকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেয়। তখন তাঁর বয়স ছিল ১১৬ বছর। এরপর ২০২০ সালের সেপ্টেম্বরে করেন আরেকটি রেকর্ড। তখন ১১৭ বছর ২৬১ দিনে পা দিয়ে কানে তানাকা জাপানের সর্বকালের সবচেয়ে বেশি বয়সী মানুষের রেকর্ড অর্জন করেন।

তানাকার জন্ম ১৯০৩ সালে। তাঁর যে বছর জন্ম ওই বছর রাইট ভ্রাতৃদ্বয় প্রথমবার আকাশে উড়েন ও ট্যুর ডি ফ্রান্সের গোড়াপত্তন ঘটে। তানাকা তাঁর জীবদ্দশায় জাপানের পাঁচটি সাম্রাজ্য দেখেছেন। পরিবারের সদস্যদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা কিয়োদো বলছে, এখন তিনি ১২০তম জন্মদিনের অপেক্ষায়।

প্রবীণদের সম্মানে প্রতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় সোমবার জাপানে রেসপেক্ট ফর দ্য এজড ডে পালন করা হয়। দিবসটির আগে গত সেপ্টেম্বরে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রবীণদের তালিকা প্রকাশ করে। তাতে দেখা যায়, ১ বছর আগের চেয়ে ৬ হাজার ৬০ জন বেড়ে শতবর্ষী মানুষের সংখ্যা ছিল রেকর্ড ৮৬ হাজার ৫১০। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত ওই তালিকায় দেখা যায়, দেশটির শতবর্ষী মানুষের বেশির ভাগই নারী। শতবর্ষী পুরুষের সংখ্যা ছিল ১০ হাজারের কিছু বেশি।

১৯৬৩ সালে প্রথম বার্ষিক জরিপের সময় জাপানে শতবর্ষী মানুষ ছিল মাত্র ১৫৩ জন। ১৯৯৮ সালের মধ্যে শতবর্ষী মানুষের সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়ে যায়। গড় আয়ুতে জাপান বিশ্বের বয়োবৃদ্ধ মানুষের আধিক্য থাকা সমাজগুলোর একটি। দেশটিতে নারীদের গড় আয়ু ৮৭ দশমিক ৭৪ ও পুরুষের ৮১ দশমিক ৬৪ বছর।