১২ হাজার বছর কারাদণ্ডের মুখে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর সঙ্গে গত বছরের শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয়েছে ৩৬ বছর বয়সের এক ব্যক্তির। এরপর থেকে তাঁদের ১৫ বছর বয়সী কিশোরী মেয়ে বাবার কাছেই থাকত। সেই বাবার বিরুদ্ধেই এবার ধর্ষণের অভিযোগে এনেছে ওই কিশোরী।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে অন্তত ৬২৬ বার নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করেছেন ওই ব্যক্তি। অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির ১২ হাজার বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ। ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ হতে পারে, এ কারণে অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ধর্ষণের শিকার ওই কিশোরীর মায়ের অভিযোগ, বিবাহবিচ্ছেদের পর কিশোরী ওই মেয়ে তার বাবার সঙ্গে থাকত। মেয়ের কাছে এই ঘটনা শোনার পর তিনি পুলিশের কাছে মেয়ের পক্ষে মামলাটি করেছেন। তিনি বলেছেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে তাঁর সাবেক স্বামী ৬২৬ বার ধর্ষণ ও যৌন নির্যাতন করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে ধর্ষণসহ ৬২৬টি অভিযোগ আনা হয়েছে। টানা দুই দিন ধরে আদালত অভিযোগগুলো পড়েছেন। গত বৃহস্পতিবার অভিযোগ পড়া শেষ হয়েছে। এখন বিচারের অপেক্ষায়। অভিযোগ পড়ার সময় অভিযুক্ত ওই বাবা আদালতে হাজির ছিলেন। তবে আদালতে ওই ব্যক্তি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। গত জুন মাসে শিশুদের ওপর যৌন নির্যাতনের মামলার বিচারে পুত্রজায়ায় বিশেষ আদালত তৈরি হয়েছে। ওই আদালতেই এই মামলার শুনানি হয়।

সরকারি কৌঁসুলি আইমি সয়াজওয়ানি বলেন, সব অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির ১২ হাজারের বেশি বছরের জন্য কারাদণ্ড হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, আদালতে গত বৃহস্পতিবার অভিযুক্ত ওই ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। কিন্তু সরকারি কৌঁসুলি আদালতকে জানিয়েছেন, এই ব্যক্তিকে জামিন দিলে তিনি পালিয়ে যেতে পারেন এবং সাক্ষীকে ভয়ভীতি দেখাতে পারেন, যা খুব ভয়ংকর হবে। এর পরেই বিচারক ইয়ং জারিদা সাজালি ওই ব্যক্তির জামিন আবেদন খারিজ করে দেন।