১৫ মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইরান। ইসরায়েলের প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি সমর্থন থাকায় ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনের বরাত দিয়ে রোববার এএফপির প্রতিবেদনে তেহরানের এই পরিকল্পনার কথা জানানো হয়।
ইরান ও উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিকে সহযোগিতা করার অভিযোগে গত শুক্রবার যুক্তরাষ্ট্র বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ঠিক দুই দিন পর ইরান তাদের এই সিদ্ধান্তের কথা জানাল। তবে নিষেধাজ্ঞা আরোপ করতে যাওয়া ওই ১৫টি প্রতিষ্ঠানের সঙ্গে ইরানের সরাসরি কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে অস্ত্র সরঞ্জাম সরবরাহ করে সেসব প্রতিষ্ঠানকে লক্ষ্য করেই ইরান এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ ও তাদের সম্পদ জব্দ করা হবে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানগুলোর কোনো কর্মকর্তাকে ইরান ভিসাও দেবে না বলে জানানো হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ইউনাইটেড টেকনোলজিস, আইটিটি করপোরেশন, ম্যাগনাম রিসার্চ ইনকরপোরেশন, মিলিটারি আরমানেন্ট করপোরেশন ও বুশমাস্টার ফায়ার আর্মস ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের নিষেধাজ্ঞা আরোপ করতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় রি/ম্যাক্স রিয়েল এস্টেটের নামও আছে। তেহরানের অভিযোগ, এই প্রতিষ্ঠানটি অধিকৃত অঞ্চলের বসতি স্থাপনের জায়গায় বাড়ি কেনাবেচা করে।
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকেই তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তিক্ততার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার ইরান ও উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আগে গত মাসে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও দেশটির এলিট রেভল্যুশনারি গার্ডকে সমর্থন দেওয়ার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।