১৭তলা ভবন ধসে পড়ল দমকলকর্মীদের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানে আগুন নেভানোর সময় ১৭তলা একটি পুরোনো ভবন দমকলকর্মীদের ওপর ধসে পড়েছে। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় অন্তত ২০ জন দমকলকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। এর মধ্যে ২৩ জনের অবস্থা গুরুতর।
তেহরানের মেয়র মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ১৯৬২ সালে নির্মাণ শেষ হওয়া প্লাসকো ভবন নামের ১৭তলা ওই ভবনটি সে সময় তেহরানের সবচেয়ে উঁচু ভবন ছিল। গতকাল স্থানীয় সময় সকাল আটটার দিকে ভবনের দশম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ২০০ কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এবং উদ্ধারকাজ শুরু করেন। এই প্রচেষ্টার মধ্যেই কয়েক ঘণ্টা পর ভবনটি ধসে পড়ে। তিনি আরও বলেন, আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে ভবনের ব্যবস্থাপকদের কয়েকজন এর আগে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন।
দমকল বাহিনীর এক সদস্য বলেন, ‘আমি ও আমার সহকর্মীরা ভেতরেই ছিলাম। হঠাৎ মনে হলো ভবনটা কাঁপছে। আমরা দ্রুত বের হয়ে এলাম। এর এক মিনিট পরেই ভবনটা ধসে পড়ল।’