১৯ খ্রিষ্টানকে মুক্তি দিল আইএস
সিরিয়া থেকে অপহরণ করা অ্যাসিরীয় খ্রিষ্টানদের মধ্যে ১৯ জনকে ছেড়ে দিয়েছে ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস। শরিয়া আদালতে বিচারের মধ্য দিয়ে গতকাল রোববার তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আজ সোমবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
তবে এমন খবরও রয়েছে, টাকার বিনিময়ে এসব বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়, অ্যাসিরীয় খ্রিষ্টান সম্প্রদায়ের কর্মকর্তারা জানান, ১৬ জন পুরুষ ও তিনজন নারীকে মুক্তি দিয়েছে আইএস। গতকাল রোববার তাঁরা হাসাকেহ শহরের ভারজিন ম্যারির গির্জায় নিরাপদে ফিরেছেন। আইএসের দখল করা সাদাদেহ শহর থেকে তাঁদের গাড়িতে করে দিয়ে যাওয়া হয়। মুক্তি পাওয়া বেশির ভাগেরই বয়স ৫০ বছরের বেশি।
দ্য অ্যাসিরীয় হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানায়, আইএসের পরিচালিত শরিয়া আদালত অপহৃত ব্যক্তিদের কাছে থেকে অমুসলিম হিসেবে বেঁচে থাকার বিনিময়ে কর আদায় করে তাঁদের মুক্তি দেন।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তাল তামারের কাছে অবস্থিত গ্রামগুলোয় গত মাসে আকস্মিকভাবে হামলা চালায় আইএস জঙ্গিরা। এ সময় তারা প্রাচীন অ্যাসিরীয় সম্প্রদায়ভুক্ত দুই শতাধিক খ্রিষ্টানকে অপহরণ করে নিয়ে যায়। হামলার সময় অনেকে ওই এলাকার কুর্দি-নিয়ন্ত্রিত হাসাকেহ শহরে পালিয়ে যেতে সক্ষম হয়।
আইএস কিছুদিন আগেই লিবিয়ায় ২১ মিসরীয় কপটিক খ্রিষ্টানকে গলা কেটে হত্যার ভিডিও প্রকাশ করে। এর জবাবে মিসর লিবিয়ায় আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে।