১৯৬২-এর পরাজয় স্মরণ করে সেনা সরিয়ে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিম সীমান্তে ভারতের সঙ্গে চীনের নতুন করে বিরোধ শুরু হয়েছে। বেইজিং গত বৃহস্পতিবার নয়াদিল্লিকে ১৯৬২ সালের যুদ্ধে পরাজয়ের স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছে। পাশাপাশি ‘চীনা ভূখণ্ড’ থেকে সেনা প্রত্যাহার করে নিতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে।
ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত সম্প্রতি প্রতিবেশী চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য ভারত প্রস্তুত আছে বলে মন্তব্য করেন। ওই কথার জবাবে চীনা সেনাবাহিনীর মুখপাত্র উ কিয়ান বলেন, ‘আমরা আশা করি ভারতীয় সেনাবাহিনীর ওই ব্যক্তি ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং যুদ্ধ বাধানোর মতো এমন কথাবার্তা বন্ধ করবেন। এমন বাগাড়ম্বর খুবই দায়িত্বহীন।’
ভারতের সিকিম রাজ্যের সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সফর করতে যান জেনারেল বিপিন রাওয়াত। সেখানে ভারতীয় ও চীনা সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছেন। সিকিমের সঙ্গে চীনের তিব্বত অঞ্চলের ২০০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে সীমান্ত রয়েছে। দুই দেশের মধ্যে মোট সীমান্ত চার হাজার কিলোমিটারের বেশি। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধ হয়েছিল। ভুটান ও চীনের মধ্যবর্তী বিতর্কিত দংলং বা দোকলাম এলাকায় সর্বশেষ অচলাবস্থা তৈরি হয়েছে। ভারতও এলাকাটির মালিকানা দাবি করে। বেইজিংয়ের অভিযোগ, ওই এলাকায় তাদের রাস্তা নির্মাণে ভারত বাধা দিচ্ছে।
চীনের ওই অভিযোগের ব্যাপারে নয়াদিল্লি গতকাল অবধি কোনো জবাব দেয়নি। তবে বেইজিং বৃহস্পতিবার দুটি ছবি প্রকাশ করেছে। এগুলোতে দেখা যায়, ‘ভারতীয় সেনারা চীনা সীমান্ত অতিক্রম করছেন।’
দ্বিপক্ষীয় উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীন তিব্বতের কৈলাস মানসসরোবরে তীর্থযাত্রীদের প্রবেশ সাময়িক বন্ধ করে দিয়েছে। নাথু লা পাস পেরিয়ে ভারতীয় তীর্থযাত্রীরা ওই স্থানে ভ্রমণ করে থাকেন।