আফগানিস্তানে ২০ বছর কি ভুল হিসাব কষল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আফগান যুদ্ধে দুই দশকেও শান্তির দেখা মেলেনি কখনোই। বরং বছরের পর বছর তাড়া খেয়ে বেড়ানো তালেবানই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পথে। এ নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ
প্রায় ২০ বছর আগের কথা। কথিত সন্ত্রাসবাদবিরোধী অভিযানের নামে মিত্র দেশের সেনা ও ন্যাটো বাহিনীকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। দ্রুতই দেশটির তৎকালীন ক্ষমতাসীন তালেবান সরকারের পতন ঘটায় তারা। কিন্তু তালেবানের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই আর আফগানিস্তানজুড়ে সহিংসতার অবসান কখনোই ঘটেনি। দেখা মেলেনি প্রত্যাশিত শান্তির। দুই দশক তাড়া খেয়ে বেড়ানো সেই তালেবানই এখন আবার আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পথে।
আফগানিস্তানে দুই দশকের যুদ্ধে সে দেশের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষিত ও অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে ৮ হাজার ৩০০ কোটি ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র।
তবে কি সশস্ত্র সংগঠন তালেবানকে নিয়ে এত বছর ধরে শুধু ভুল হিসাবই কষে গেল যুক্তরাষ্ট্র? সেই প্রশ্ন সামনে আসছে। প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ উপদেষ্টারা অবশ্য স্বীকার করেছেন, তালেবানের সাহসী, সুপরিকল্পিত, ঝোড়োগতির আক্রমণের মুখে আফগান সেনাবাহিনী কুপোকাত হয়ে পড়ায় তাঁরা বিস্মিত হয়েছেন। গত ২০ বছর তালেবানের যে রূপ যুক্তরাষ্ট্র দেখেছে, তার সঙ্গে তাদের এখনকার রূপের যে মিলই নেই।
আফগানিস্তানে দুই দশকের যুদ্ধে সে দেশের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষিত ও অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে ৮ হাজার ৩০০ কোটি ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবে এ বাহিনীকে নিয়ে অতিমূল্যায়ন ও ক্ষমতা থেকে টেনে নামানো তালেবানের শক্তি–সামর্থ্য নিয়ে অবমূল্যায়নের মনোভাব পেয়ে বসে দেশটিকে।
তবে চলতি বছরের জানুয়ারি মাসে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে এক জরুরি সতর্কবার্তা দেয় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। বার্তায় তালেবানের হাতে আফগান সেনাবাহিনীর পর্যুদস্ত হওয়ার আশঙ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বিস্ময় এই ইঙ্গিতের মধ্যেই থেমে নেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের অনুমান ছিল, তালেবানের এমন শক্তির আত্মপ্রকাশ ঘটতে সময় লাগতে পারে ১৮ মাস; কোনো অবস্থায়ই তা কয়েক সপ্তাহ নয়। কিন্তু তা ভুল প্রমাণিত হলো। এটিই বড় বিস্ময় তাঁদের।
এত দ্রুতগতিতে তালেবানের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বিস্মিত হলেও আফগান কমান্ডাররা কিন্তু বিস্মিত নন। তাঁরা জানতেন, আফগান সরকারি বাহিনীর দুঃখ–দুর্দশা প্রশমনে কখনো নজর দেওয়া হয়নি। পশ্চিমা দেশ–সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের ভেতরে গেড়ে ছিল দুর্নীতির লম্বা শিকড়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা পেলেও অনেক আফগান সেনা ও পুলিশ সদস্যকে মাসের পর মাস বেতন দিতে ব্যর্থ হয়েছে তাঁর সরকার। সরকারি বাহিনীর মধ্যে ঘটেছে বিদ্রোহের মতো ঘটনাও।
এরই মধ্যে তালেবানের মতো একটি সংগঠিত বাহিনীর সঙ্গে সম্মুখসমরে লড়াই করতে সেনাদের পাঠানো হয় যথেষ্ট খাবার, পানি ও ভারী অস্ত্র ছাড়াই। ফলাফল যা হওয়ার তা–ই। মার্কিন গোয়েন্দা তথ্যকে ভুল প্রমাণ করে মাত্র কয়েক দিনে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানীগুলোয় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকেন এ সংগঠনের যোদ্ধারা। তাঁদের মোকাবিলা করার মতো সামান্যতম সাহস বা শক্তি কোনোটিই দেখাতে পারেননি সরকারি সেনারা। সাফল্যের ধারাবাহিকতায় গত শনিবার দেশটির অর্থনীতির ইঞ্জিন বলে পরিচিত মাজার–ই–শরিফ শহর দখল করে তালেবান।
এত দ্রুতগতিতে তালেবানের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বিস্মিত হলেও আফগান কমান্ডাররা কিন্তু বিস্মিত নন। তাঁরা জানতেন, আফগান সরকারি বাহিনীর দুঃখ–দুর্দশা প্রশমনে কখনো নজর দেওয়া হয়নি। পশ্চিমা দেশ–সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের ভেতরে গেড়ে ছিল দুর্নীতির লম্বা শিকড়।
বাইডেনের সহকর্মীরা বলছেন, অব্যাহতভাবে চলমান এসব সমস্যায় মার্কিন প্রেসিডেন্টের ধারণা জোরালো হয় যে, যুক্তরাষ্ট্র আফগান সরকার ও সেনাবাহিনীকে ঠিক পথে আনতে পারবে না। গত বসন্তে ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে সহকর্মীদের তিনি বলেন, আরও এক বা পাঁচ বছর দেশটিতে থাকলেও আফগান পরিস্থিতিতে উল্লেখযোগ্য পার্থক্য আসবে না। আর সেই ঝুঁকি নেওয়া হবে অর্থহীন।
দিন শেষে, আফগান সেনাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি সেদেশের বিস্ফোরক পরিস্থিতির কোনো পরিবর্তন আনবে না—বাইডেন ও অধিকাংশ মার্কিনির এ বিশ্বাসই দেশটিতে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের আকস্মিক সমাপ্তি টানাকে অপরিহার্য করে তুলেছে।