প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর-পশ্চিম পাকিস্তানের আফগানিস্তান সীমান্ত এলাকায় গতকাল মঙ্গলবার সরকারি বাহিনীর বিমান হামলা ও স্থলযুদ্ধে অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত দুজন গুরুত্বপূর্ণ কমান্ডারসহ বেশ কয়েকজন বিদেশি যোদ্ধা রয়েছে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। বিমান হামলার ঘটনাগুলো ঘটেছে পাকিস্তানের জঙ্গি-অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান এলাকায়। এই এলাকায় গত জুন মাস থেকে বড় ধরনের অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এই অভিযানের লক্ষ্যবস্তু জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও হাক্কানি নেটওয়ার্ক। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি লড়াইয়ের ঘটনা ঘটেছে খাইবার এলাকায়। এলাকাটি তালেবানের পাশাপাশি লস্কর-ই-ইসলাম নামের একটি জঙ্গি সংগঠনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এএফপি ও ডন