৩০০ বছর আগের প্রস্তরখণ্ডে পরিবেশভাবনা
পরিবেশ সংরক্ষণের দাবি দিন দিন জোরালো হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার এই দাবি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই দাবির শুরুটা বেশি দিন আগে নয়। কিন্তু চীনে ৩০০ বছর আগের একটি প্রস্তরখণ্ড পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে পরিবেশ রক্ষার নানা বিধি। পরিবেশসংকট নিয়ে শত শত বছর আগেও যে মানুষের মধ্যে উদ্বেগ ছিল, তা এর মাধ্যমে জানা গেল।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের উহান শহরের হশুই এলাকায় (টাউনশিপ) প্রস্তুরখণ্ডটি পাওয়া যায়। উহানের সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণ প্রতিষ্ঠানের তথ্যমতে, ৬৩ সেন্টিমিটার লম্বা ও ৪৮ সেন্টিমিটার প্রশস্ত প্রস্তরখণ্ডটি ৩১১ বছর আগের তৈরি। তখন অঞ্চলটির সম্রাট ছিলেন কংশি। তিনি ছিলেন চিং রাজবংশের (১৬৪৪–১৯১১) সদস্য।
গ্রামীণ অঞ্চলের লোকজনকে মেনে চলার বিধিমালা–সংবলিত ওই শিলালিপিতে পাশের এক ডজনের মতো এলাকার নাম খোদাই করে লেখা রয়েছে। ওই বিধিতে গাছপালা নিধন, কাঠ সংগ্রহ ও পোড়ানো এবং গ্রামের নিকটবর্তী ও পাহাড়ের পাশের এলাকা থেকে মাটি কাটা বা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
শত শত বছর আগেও যে মানুষ পরিবেশ বিপর্যয় রোধে সচেষ্ট ছিল, এই প্রস্তরখণ্ড তারই প্রমাণ বলে মনে করেন চীনের ইন্ডআইটেম ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানের প্রধান ওয়াং ওয়েই। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইনের সঙ্গে ওই বিধিমালার তুলনামূলক মিল রয়েছে। এটা পরিবেশ সুরক্ষা ও সংস্কৃতিবিষয়ক গবেষণার জন্য তাৎপর্যপূর্ণ। পরিবেশ নিয়ে গবেষণা করা ব্যক্তিদের জন্য এটা নতুন তথ্য দেবে।