
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির ৩২ জন রাজনীতিক, সরকারি আমলা ও বিচারকের নাম উল্লেখ করে বলেছেন, তাঁরা মাদক ব্যবসায় জড়িত। তিনি তাঁদের আত্মসমর্পণ করতে বলে হুঁশিয়ারি দিয়েছেন, আত্মসমর্পণ না করে কোনো রকমের ঝামেলা পাকানোর চেষ্টা করলে তাঁদের গুলি করা হবে।
গতকাল রোববার ভোররাতে দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরে সাংবাদিক ও সেনাসদস্যদের সামনে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট দুতার্তে ওই ৩২ জনের নাম ঘোষণা করেন। অকপটভাবে বিস্ফোরক মন্তব্যের জন্য ইতিমধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছেন দেশটির এই নতুন নেতা।
দুতার্তে গত ৯ মে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিপাইনে আট শতাধিক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ধারণা করা হয়, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাঁদের মৃত্যু হয়েছে। নির্বাচনের আগেই দুতার্তে ঘোষণা দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করা হবে।
এ বিষয়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করলে দুতার্তে প্রকাশ্যে ঘোষণা দেন, তিনি সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনের সমালোচনার পরোয়া করেন না।
গতকালের ভাষণে দুতার্তে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘যথাবিহিত প্রক্রিয়া মেনে আমি কথা বলি না। আমার এখানে কোনো প্রক্রিয়া অনুসরণের ব্যাপার নেই, এখানে কোনো আইনজীবী নেই।’
দুতার্তে মাদক ব্যবসায় যুক্ত যে ৩২ জনের নাম ঘোষণা করেছেন, তাঁদের মধ্যে সাতজন বিচারক এবং ২৫ জন বর্তমান ও সাবেক কংগ্রেসম্যান, মেয়র ও অন্যান্য স্থানীয় কর্মকর্তা। প্রেসিডেন্ট তাঁদের নিরাপত্তারক্ষী প্রত্যাহার এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা দেন। তিনি ওই ৩২ জনের উদ্দেশে বলেন, ‘প্রতিরোধ হিসেবে যদি আপনারা সামান্যতম সহিংসতারও চেষ্টা করেন, তাহলে আমি পুলিশকে বলব, “গুলি করো”।’
প্রেসিডেন্ট দুতার্তে বলেন, সেনাবাহিনী ও পুলিশ তদন্ত করে এই তালিকা তৈরি করেছে। কারও প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব নিয়ে এই তালিকা বানানো হয়নি। তিনি বলেন, এই তালিকার কয়েকজন তাঁর নিজের ঘনিষ্ঠ বন্ধু।
দুতার্তের মুখপাত্র মার্টিন আন্দানার পরে সাংবাদিকদের বলেন, এই সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা করা হবে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ফিলিপাইনের সাধারণ মানুষের কাছে দুতার্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। দুতার্তে প্রকাশ্যে পুলিশকে মাদক ব্যবসায়ীদের গুলি করে মেরে ফেলতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মানবাধিকারকর্মীরা যা ইচ্ছা তাই বলতে পারেন। এ নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই।