৩২০০ কোটি ডলার দান করবেন সৌদি প্রিন্স

সৌদি আরবের ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল দাতব্য প্রতিষ্ঠানে তাঁর সমস্ত সম্পদ দান করবেন। এর আর্থিক মূল্য তিন হাজার ২০০ কোটি ডলার। গত বুধবার রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসির।
ফোর্বস সাময়িকীর তালিকা অনুযায়ী, ৬০ বছর বয়সী প্রিন্স তালাল বিশ্বের ৩৪তম শীর্ষ ধনী। তিনি বাদশাহ সালমানের ভাগনে। তালাল জানিয়েছেন, মাইক্রোসফটের বিল গেটস ও মেলিন্ডা গেটসের কল্যাণমূলক সংগঠন গেটস ফাউন্ডেশনের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রিন্স তালাল বলেন, তাঁর দেওয়া এই অর্থ ‘সাংস্কৃতিক বোঝাপড়ার উন্নয়ন’, ‘নারীর ক্ষমতায়ন’ এবং ‘দুর্যোগে ত্রাণ’সহ অন্যান্য কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা হবে।
তালালের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিল গেটস। সৌদি প্রিন্সের এই পদক্ষেপে বিশ্বব্যাপী দাতব্য কাজ পরিচালনাকারী সবাই উদ্বুদ্ধ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
প্রিন্স তালালের নিজস্ব দাতব্য প্রতিষ্ঠান আলওয়ালিদকে এই অর্থ দেওয়া হবে। এর আগে প্রতিষ্ঠানটিকে সাড়ে ৩০০ কোটি ডলার দান করেছিলেন তালাল।
তালাল সৌদি সরকারের কোনো দাপ্তরিক পদে নেই। তিনি কিংডম হোল্ডিংস নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। কোম্পানিটি হোটেল ব্যবসায় পুঁজি খাটানোর পাশাপাশি নিউজ করপোরেশন, সিটি গ্রুপ, টুইটার এবং অ্যাপলেও বিনিয়োগ করেছেন।
দান করা সম্পদ তাঁর ব্যক্তিগত বলে জানিয়েছেন তালাল। তিনি বলেন, ‘দাতব্য কাজ ব্যক্তিগত দায়িত্ব। তিন দশকেরও বেশি সময় ধরে আমি দান করে আসছি, আর এটি আমার ইসলামি বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ।’
তালাল বলেছেন, কয়েক বছর ধরে ওই দানের অর্থ দেওয়া হবে। একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে তা তদারক করা হবে। তিনি হবেন ওই বোর্ডের প্রধান।