উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে গতকাল সোমবার চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর তিনটি প্রায় এক হাজার মাইল উড়ে গিয়ে সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) জলসীমায় পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে উত্তর কোরিয়ার ‘হুমকির নতুন ধাপ’ বলেছেন।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার তংচাং-রি অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। এগুলো কোন ধরনের তা স্পষ্ট নয়। তবে উত্তর কোরিয়ার যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার একজন সামরিক কর্মকর্তা বলেন, গতকাল স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাঁরা এটির ধরন জানতে তদন্ত করছেন।
জাপান ও দক্ষিণ কোরিয়ার মিত্র যুক্তরাষ্ট্র এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা করেছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা ওই উৎক্ষেপণ শনাক্ত করেছে। তবে এটি উত্তর আমেরিকার জন্য কোনো হুমকির কারণ ছিল না।

নিভৃতকামী কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে শত্রুদেশ গণ্য করে এবং ইতিপূর্বে দেশটির মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির ওপর কাজ করার কথা বলেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টোনার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জোরালো নিন্দা জানায়। এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।
অন্যদিকে উত্তর কোরিয়ার মিত্র হিসেবে পরিচিত দেশ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, তাঁরা দেশটির সর্বশেষ তৎপরতা খেয়াল করেছেন। সব পক্ষেরই উচিত সংযত হওয়া এবং পরস্পরকে খেপিয়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকা।
এ বক্তব্যের মধ্য দিয়ে বেইজিং দৃশ্যত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া—দুটোর প্রতিই ইঙ্গিত করেছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে চলমান বার্ষিক সামরিক মহড়ার জবাবে পিয়ংইয়ং গত শুক্রবার হুমকি দিয়ে বলেছিল, তারা ক্ষেপণাস্ত্র ছুড়বে।
ওই যৌথ মহড়াকে উত্তর কোরিয়া তাদের ওপর আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে। দেশটি সম্প্রতি দফায় দফায় নিজেদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, একের পর এক পরীক্ষার মধ্য দিয়ে দেশটি এ ক্ষেত্রে নিজেদের সামর্থ্য বাড়াচ্ছে। তবে তাঁদের অধিকাংশের অনুমান, উত্তর কোরিয়া এখনো ক্ষেপণাস্ত্রে সংযোজনের উপযোগী পারমাণবিক অস্ত্র বানাতে পারেনি।
পিয়ংইয়ং গত মাসে বলেছে, তারা নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। দেশটির নেতা কিম জং-উন ওই পরীক্ষামূলক উৎক্ষেপণ তত্ত্বাবধান করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর সেটাই ছিল উত্তর কোরিয়ার এ ধরনের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ। জাতিসংঘ, জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ওই পরীক্ষার নিন্দা জানিয়েছিল।
সম্প্রতি তংচাং-রি অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা দেখে জাপানি কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সেখানে সোহি স্যাটেলাইট লঞ্চিং স্টেশনের অবস্থান। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় স্যাটেলাইট নজরদারির চিহ্ন যাচাই করে দেখা হচ্ছে।
এদিকে দক্ষিণ কোরিয়া গত রোববার বলেছে, উত্তর কোরিয়ার পক্ষ ছেড়ে কেউ চলে এসে গোয়েন্দা তথ্য সরবরাহ করলে আগের চেয়ে চারগুণ বেশি পুরস্কার (৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) পাবে।