৪ শিশু হত্যার দায় থেকে ইসরায়েলি সেনাদের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ফিলিস্তিনশাসিত গাজায় সামরিক অভিযানের সময় নিহত চার ফিলিস্তিনি শিশুর মৃত্যুর জন্য সেনারা দায়ী নয় বলে সিদ্ধান্ত দিয়েছে ইসরায়েলি তদন্তকারীরা। তারা বলেছে, সৈকতের যে অংশে ওই শিশুরা ছিল, সেখানে সাধারণ মানুষ নয়, বরং শুধু হামাস সদস্যরা যায়। খবর বিবিসির।
ইসরায়েলি সামরিক বাহিনীর তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেনারা হামলা চালাতে উদ্যত হামাস সদস্য মনে করে ‘ভুলক্রমে’ ওই শিশুদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরুর দিকের এ ঘটনা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। গত বছরের জুলাই থেকে আগস্টের শেষ দিক পর্যন্ত ৫০ দিনের ওই হামলায় অন্তত ২ হাজার ১৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে অন্তত ১ হাজার ৪৮৬ জনই বেসামরিক মানুষ। ইসরায়েলি পক্ষে মারা যায় ৬৭ সেনা ও ছয় বেসামরিক লোক। ইসরায়েল বলেছিল, হামাসের রকেট হামলা বন্ধ এবং তাদের গেরিলা হামলা ও চোরাচালানে ব্যবহৃত সুড়ঙ্গ ধ্বংস করাই ওই অভিযানের লক্ষ ছিল। তবে অনেক বেশি ‘অসামঞ্জস্যপূর্ণ’ শক্তি প্রয়োগ করার জন্য সমালোচনা হয়েছে ইসরায়েলের।