৪০ নয়, জাভায় মরদেহ উদ্ধার ৩ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোর্নিও দ্বীপের কালিমানতান প্রদেশের পাংকালান বান শহর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জাভা সাগরে একটি মরদেহ ভাসতে দেখেন এক উদ্ধারকর্মী। এর পরই ওই এলাকায় উদ্ধারকাজ জোরদার করা হয়। তাঁরা ৯৫ শতাংশ নিশ্চিত হন যে ওই মরদেহ নিখোঁজ বিমানের যাত্রীর। ছবি: রয়টার্স
বোর্নিও দ্বীপের কালিমানতান প্রদেশের পাংকালান বান শহর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জাভা সাগরে একটি মরদেহ ভাসতে দেখেন এক উদ্ধারকর্মী। এর পরই ওই এলাকায় উদ্ধারকাজ জোরদার করা হয়। তাঁরা ৯৫ শতাংশ নিশ্চিত হন যে ওই মরদেহ নিখোঁজ বিমানের যাত্রীর। ছবি: রয়টার্স

জাভা সাগর থেকে তিনজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে নিখোঁজ বিমানের সন্ধানে নিয়োজিত কর্তৃপক্ষ। এর আগে ইন্দোনেশিয়া নৌবাহিনীর মুখপাত্র মারাহান সিমোরাংকি ৪০টি মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, সেখান থেকে বিমানের একটি দরজা, অক্সিজেনের কয়েকটি ট্যাংক এবং একটি মরদেহ উদ্ধার হয়েছে।

তবে কয়েক ঘণ্টার মধ্যে সিমোরাংকির ঘোষণা নাকচ করে দেশটির অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা সংস্থার প্রধান বামবাং সোয়েলিসতিয়ো বলেন, ৪০ নয়, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর এএফপির।

আজ বিকেলের দিকে জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বামবাং বলেন, ‘আজ আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এগুলো এখন যুদ্ধজাহাজ বাং তোমোতে আছে। মরদেহগুলোর মধ্যে দুটি নারীর এবং একটি পুরুষের।’

এর আগে দুপুরে যুদ্ধজাহাজে থাকা নৌরেডিও থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ইন্দোনেশিয়া নৌবাহিনীর মুখপাত্র মারাহান সিমোরাংকি এএফপিকে বলেছিলেন, জাভা সাগর থেকে ৪০টির বেশি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আর উদ্ধারকৃত লাশের সংখ্যা বাড়ছে। তবে পরে তিনি দাবি করেন, তাঁদের এক সহকর্মীর ভুলের কারণে এই ধরনের তথ্যবিভ্রাট হয়েছে।

নৌবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সেখান থেকে বিমানের একটি দরজা, অক্সিজেন ট্যাংকস এবং একটি মরদেহ উদ্ধার করে পরীক্ষার জন্য হেলিকপ্টারে করে নিয়ে আসা হচ্ছে।

বামবাং সাংবাদিকদের বলেন, সেখানে তিন মিটারের মতো উঁচু ঢেউ থাকার কারণে উদ্ধারকাজ চালাতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে। তারপর রাতভর এই উদ্ধার অভিযান চলবে। উদ্ধারকাজে অংশ নিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি জাহাজ ও ২১টি বিমান।

গত রোববার ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর থেকে ১৬২ জন আরোহী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার এশিয়া ইন্দোনেশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১। ওই দিন ভোর ৬টা ২০ মিনিটে যাত্রাপথের প্রায় মাঝামাঝি গিয়ে নিখোঁজ হয় এটি। ওড়ার ঘণ্টা খানেক পর এয়ারবাস কোম্পানির এ৩২০-২০০ উড়োজাহাজটির সঙ্গে বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এটি থেকে কোনো বিপদসংকেত আসেনি।

টিভিতে জাভা সাগরে এক লাশ ভাসার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ যাত্রীদের স্বজনেরা। ছবিটি জুয়ান্দা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ক্রাইসিস সেন্টার থেকে তোলা। ছবি: রয়টার্স
টিভিতে জাভা সাগরে এক লাশ ভাসার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ যাত্রীদের স্বজনেরা। ছবিটি জুয়ান্দা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ক্রাইসিস সেন্টার থেকে তোলা। ছবি: রয়টার্স


বামবাং সোয়েলিসতিয়ো জাকার্তায় দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে বোর্নিও দ্বীপের কালিমানতা প্রদেশের পাংকালান বান শহরের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ থেকে উদ্ধারকর্মীরা সাগরতলে বিমানের আদলে একটি ছায়ার মতো জিনিস দেখতে পান। এ ছাড়া একটি বস্তু ভাসতে দেখেন। তাঁরা ধারণা করেন, ভাসমান ওই বস্তুটি একটি মৃতদেহ। এর পরপরই উদ্ধারকাজে নিয়োজিত সবাই সেই এলাকায় অনুসন্ধানে বেশি মনোযোগ দেন।

সংবাদ সম্মেলনে সাগরে ভাসমান বস্তুর সেই ফুটেজ দেখানো হয়। টেলিভিশনে ওই ফুটেজ দেখে সুরাবায়া শহরে বিমানের নিখোঁজ যাত্রীদের স্বজনেরা একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সুরাবায়ার মেয়র ত্রি রিসমাহারিনি এ সময় তাঁদের সান্তনা দেন। বলেন, ‘আপনাদের শক্ত হতে হবে। তাঁরা এখন আমাদের নয় এখন তাঁরা ঈশ্বরের।’ এ সময় একজন অচেতন হয়ে পড়লে তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।

এয়ার এশিয়ার অতিরিক্ত প্রধান নির্বাহী টনি ফার্নান্দেস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, কিউজেড৮৫০১ ফ্লাইটে থাকা সব আরোহীর পরিবারের জন্য আমার হৃদয় দুঃখ ভারাক্রান্ত। এয়ার এশিযার পক্ষ থেকে আমি সবার প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমি কতটা দুঃখ পেয়েছি, তা জানানোর ভাষা আমার নেই।’

এয়ারলাইনের পক্ষ থেকে এক বিবৃতিতে নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনদের সুরাবায়াতে আসতে বলা হয়েছে। সেখানে প্রতিটি পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য একটি স্বেচ্ছাসেবী দল প্রস্তুত আছে।