৪০ হাজার 'নির্বাচনী পুলিশ' মোতায়েন করবে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে ৪০ হাজার সাধারণ নাগরিককে ‘বিশেষ নির্বাচনী পুলিশ’ হিসেবে নিয়োগ করা হবে। একজন সরকারি কর্মকর্তা গত শুক্রবার এ কথা জানিয়েছেন। এই পুলিশ আসলে কী ভূমিকা পালন করবে, তা নিয়ে সংশয় রয়েছে। মিয়ানমারে আগামী ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর এএফপির।
নতুন ওই ‘বিশেষ পুলিশ’ সদস্যরা আগামী অক্টোবরের মাঝামাঝি থেকে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করবেন বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। রাজধানী নেপিডোর একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, বিশেষ নির্বাচনী পুলিশেরা নিরস্ত্র থাকবে। তাদের ক্ষমতাও হবে সরকারি পুলিশের চেয়ে কম। তারা কোনো সমস্যার ব্যাপারে ‘আগাম সতর্কতা’ দিয়ে পুলিশকে সহায়তা করবে।
বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ২৫ বছরের মধ্যে এই প্রথম নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। দলটির মুখপাত্র নিয়ান উইন বিশেষ পুলিশ নিয়োগ প্রসঙ্গে বলেন, ‘আমরা জানি না কেন এটা করা হচ্ছে। আশা করি ভালো উদ্দেশ্য নিয়েই কাজটা হচ্ছে।’