৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে তিনজন কিশোর। ইসরায়েলি বাহিনী বলছে, তাদের ওপর হামলার চেষ্টা চালানোর সময় এসব ফিলিস্তিনি নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি।

আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। দেশটির পুলিশ বলছে, হেবরন শহরে এক কিশোরী ছুরি নিয়ে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য গুলি ছোড়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গতকাল রোববার পশ্চিমতীরে জেনিনের কাছে কয়েকটি গাড়ি লক্ষ্য করে দুই কিশোর পাটকেল ছোড়ে। ইসরায়েলি সেনারা সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা চালায় কিশোরেরা। এ সময় সেনারাও পাল্টা গুলি ছোড়ে। এতে ১৫ বছরের দুজন ফিলিস্তিনি কিশোর নিহত হয়। হামলার চেষ্টা চালানোর সময় আরও তিনজন ফিলিস্তিনি গুলিতে নিহত হয়।

পরে একটি তল্লাশিচৌকিতে ফিলিস্তিনি এক কিশোরী ছুরি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পরে গুলিতে সে নিহত হয়।

তবে ফিলিস্তিনের গণমাধ্যম বলছে, ইসরায়েলের তল্লাশিচৌকি পার হওয়ার সময় ১৪ বছরের কিশোরীকে গুলি করা হয়।

ইসরায়েল বলছে, ২০১৫ সালের অক্টোবর মাস থেকে শুরু করে এ পর্যন্ত ১৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই হামলাকারী ছিল। এতে ২৬ জন ইসরায়েলিও নিহত হয়।