৫ বছরে দক্ষিণ এশিয়াও আইএসের কবজায় যাবে!

আগামী ৫ বছরেই, অর্থাৎ ২০২০ সালের মধ্যে বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের দখলে আনতে চায় ইসলামিক স্টেট (আইএস)। এর মধ্যে গোটা দক্ষিণ এশিয়াও রয়েছে। বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু হসকেনের লেখা ‘এম্পায়ার অব ফেয়ার: ইনসাইড দ্যা ইসলামিক স্টেট’ শিরোনামের নতুন বইয়ে এমনটাই বলা হয়েছে।
বইটিতে আইএস ২০২০ সালের মধ্যে বিশ্বের যে অঞ্চলগুলোতে তাদের ‘খেলাফত’ প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তার একটি মানচিত্র তুলে ধরা হয়েছে। ওই মানচিত্র তুলে ধরে ডেইলি মিরর এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন।
মিররের বরাত দিয়ে পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আইএস পশ্চিমে স্পেন থেকে পূর্বে এশিয়ার চীন পর্যন্ত নিজেদের দখলে আনতে চায়। সেই মানচিত্রে দেখানো বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে, উত্তর আফ্রিকা, ভারতসহ দক্ষিণ এশিয়া এবং ইউরোপের একাংশ। আইএস মনে করছে আগামী ৫ বছরে এই অঞ্চলগুলো তাদের খেলাফতের অংশ হবে। বইটিতে বলা হয়েছে, ইতিমধ্যেই মানচিত্রের ওই জায়গাগুলোর নামও তারা ঠিক করে ফেলেছে। স্পেন, পর্তুগাল ও ফ্রান্স একত্রে এই তিন দেশের নাম দেওয়া হয়েছে ‘আন্দালুস’। এই অঞ্চলটি অষ্টম শতক থেকে ১৫ শতক পর্যন্ত মুসলিম মুর জাতিগোষ্ঠীর শাসনাধীনে ছিল। আইএসের মানচিত্র অনুযায়ী ভারতীয় উপমহাদেশের নামকরণ করা হয়েছে ‘খুরাসান’।
বিবিসির প্রতিবেদক এন্ড্রু হসকেন বলেছেন, ১৯৯৬ সালে আবু মুসাব আল-জারকাবি যে সন্ত্রাসী সংগঠন করেন সেটিই পরবর্তীতে আইএস হিসেবে আত্মপ্রকাশ করে। তখনই সাতটি ধাপের একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন জারকাবি।
জারকাবির পরিকল্পনাপত্রে বলা ছিল ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৩ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক বিশ্বের বিরুদ্ধে যুদ্ধে নামবে; ২০১০ সাল থেকে ২০১৩ এর মধ্যে আরব বিশ্বের দেশগুলোতে গণ-অভ্যুত্থান হবে।
আইএসের ৫০ হাজারের বেশি সদস্য আছে এবং তাঁদের হাতে প্রায় দুই শ কোটি পাউন্ড সমপরিমাণের সম্পদ আছে। এ ছাড়াও ইরাক ও সিরিয়ার তেল ও গ্যাসের নিয়ন্ত্রণ এই জঙ্গি গোষ্ঠীর হাতে আছে।
এন্ড্রু হসকেন বলেন, আইএস বিশ্বের যে অঞ্চলগুলোকে ‘মুসলিম বিশ্ব’ হিসেবে মনে করে সেখানে তারা শরিয়া শাসনভিত্তিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়।