৫০ বছরে প্রথম শিশু মৃত্যুর হার বাড়ল গাজায়
৫০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম ফিলিস্তিনের গাজায় শিশুমৃত্যুর হার বেড়ে গেছে। ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও পূর্ত-বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এক নতুন গবেষণায় এ তথ্য তুলে ধরেছে। হামাসশাসিত গাজায় ইসরায়েলের দীর্ঘ অবরোধ এই মৃত্যুহার বেড়ে যাওয়ার একটি কারণ হতে পারে বলে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। খবর গার্ডিয়ানের।
ইউএনআরডব্লিউএর এক বিবৃতিতে বলা হয়, গত এক দশকে এক বছর বয়সী শিশুর মৃত্যুর হার ক্রমান্বয়ে কমেছিল। ১৯৬০ সালে এক বছর বয়সী শিশুর মৃত্যুর হার ছিল প্রতি হাজারে ১২৭। তা ২০০৮ সালে কমে দাঁড়ায় ২০ দশমিক ২-এ। তবে ২০১৩ সালে এই হার আবার বেড়ে উঠেছে ২২ দশমিক ৪ শতাংশে।
প্রতি পাঁচ বছর পর সংস্থাটি ফিলিস্তিনি-অধ্যুষিত এ অঞ্চলের শিশুমৃত্যু বিষয়ে জরিপ চালায়। ২০১৩ সালের গবেষণার তথ্য এ সপ্তাহে প্রকাশ করে ইউএনআরডব্লিউএ।
প্রতিবেদনে বলা হয়, জন্মের চার সপ্তাহ হওয়ার আগেই মারা যাওয়া শিশু ২০০৮ সালে ছিল প্রতি হাজারে ১২ জন। ২০১৩ সালে এই হার বেড়ে দাঁড়ায় ২০ দশমিক ৩-এ।
ইউএনআরডব্লিউএর স্বাস্থ্য-বিষয়ক কর্মসূচির পরিচালক আকিহিরো সেইতা বলেন, ‘গাজায় এভাবে শিশুমৃত্যু বেড়ে যাওয়াটা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বেশ অস্বাভাবিক ঘটনা। গাজায় ইসরায়েলের অবরোধ এই মৃত্যুহার বৃদ্ধির একটি কারণ হতে পারে।’
এক ইসরায়েলি সেনা কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী হামাসের হাতে বন্দী হওয়ার পর ২০০৬ সালে গাজার ওপর অবরোধ আরোপ করে ইসরায়েল। এক বছর পর সেখানে হামাস ক্ষমতা নিলে এই অবরোধ আরও কঠোর হয়।