৫০০ অবৈধ শ্রমিককে বের করে দিল মালয়েশিয়া
মালয়েশিয়া গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার ৫০০ অবৈধ শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় অবৈধ শ্রমিকদের তাড়াচ্ছে মালয়েশিয়া। খবর এএফপির।
ইন্দোনেশিয়ার ৫০০ শ্রমিককে হাতকড়া পরিয়ে গতকাল কুয়ালালামপুরের পশ্চিমের সুবাং বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। পরে সামরিক বাহিনীর বিমানে করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয় বলে সরকারি সূত্র জানায়।
মালয়েশিয়ায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারমান প্রিয়াত্ন জানান, আজ বুধবার আরও ২০০ শ্রমিককে ফেরত পাঠানো হবে। অবৈধ শ্রমিক ফেরতের সংখ্যা আগামী বছর আরও বাড়বে।
ফেরত পাঠানো শ্রমিকদের মধ্যে আছেন মোহাম্মদ আরিফউদ্দিন। গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত চার বছর ধরে মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। আরিফউদ্দিন বলছিলেন, ‘আমি বৈধ কাগজপত্র নিয়ে আবার মালয়েশিয়ায় ফেরত আসব।’
প্রতিবেশী দেশগুলো থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ মালয়েশিয়া যায় শ্রমিক হিসেবে কাজ করতে। দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও বাংলাদেশেরও অভিবাসী আছে দেশটিতে। মালয়েশিয়ার অভিবাসীর সংখ্যা ৬০ লাখের বেশি। এদের বেশির ভাগই অবৈধ। বিত্তশালী মালয়েশিয়ার বিভিন্ন শিল্পকারখানা, বনায়ন, হোটেলে কাজ করেন এসব শ্রমিক।
মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ইয়ে কিম লেং বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে যাওয়ার কারণেই অবৈধ শ্রমিকদের এভাবে ধরে ফেরত পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘মালয়েশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে। প্রবৃদ্ধির নিম্নগতির সঙ্গে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর একটা সম্পর্ক আছে।’