৫০০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের যাত্রা
অবিশ্বাস্য রকম ৫০০ কিলোমিটার (৩১১ মাইল) গতিতে প্রথমবারের মতো কোনো বুলেট ট্রেনের যাত্রা শুরু হলো জাপানে। যাত্রী ছিলেন ১০০ জন। খবর ইনডিপেনডেন্টের।
যাত্রীদের জন্য চালু করার আগে ইউয়েনোহারা ও ফুফুকি শহরের মধ্যে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয় এই ট্রেনের। ট্রেনটি চৌম্বকশক্তি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে ২৭ মাইল পথ অতিক্রম করে পৌঁছে যায় গন্তব্যস্থানে।
ওই ট্রেনের পুরো যাত্রার দৃশ্য সরাসরি দেখার ব্যবস্থা ছিল যাত্রীদের জন্য। উড়োজাহাজের মতো জানালা দিয়ে যাত্রীরা বাইরের দৃশ্য উপভোগ করলেও প্রচণ্ড গতির কারণে তা ছিল ঝাপসা।
জাপানের প্রচলিত বুলেট ট্রেনগুলোর তুলনায় এই ট্রেন আরও বেশি গতিসম্পন্ন। প্রচলিত বুলেট ট্রেনের গতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার বা প্রায় ২০০ মাইল। নতুন বুলেট ট্রেনের বগির সংখ্যা ১৬টি এবং যাত্রী ধারণক্ষমতা এক হাজার। এই ট্রেনের কল্যাণে যাত্রীদের পথের সময় নেমে আসবে অর্ধেকের বেশি তথা ৯০ মিনিট থেকে ৪০ মিনিটে। ট্রেনটি পরিচালনা করছে সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি।