৬ দিন পর উদ্ধার হলো শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ামাতো তানুকা
ইয়ামাতো তানুকা

মা-বাবার খামখেয়ালির শিকার হয়ে জাপানের গহিন অরণ্যে হারিয়ে যাওয়া এক শিশু শেষমেশ জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার হলো। তাকে উদ্ধারে টানা ছয় দিন অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাত্র সাত বছরের শিশু ইয়ামাতো তানুকা গত শনিবার হারিয়ে যায় উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর গহিন অরণ্যে। দুষ্টুমির শাস্তি হিসেবে শিশুটিকে একা ফেলে গিয়েছিলেন মা-বাবা। পরে ঘাম ঝরানো চেষ্টার পর গতকাল শুক্রবার শিকাবে এলাকার কাছে একটি সামরিক ব্যারাক থেকে তাকে উদ্ধার করা হয়। ব্যারাকটি হারিয়ে যাওয়ার স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে।
প্রাথমিকভাবে শিশুটির মা-বাবা পুলিশকে জানিয়েছিলেন, তানুকা হারিয়ে গেছে। অবশ্য একপর্যায়ে স্বীকার করেন, বনে বেড়াতে যাওয়ার পর সেখানে দুষ্টুমি শুরু করলে এর সাজা হিসেবে কিছু সময়ের জন্য তাকে একা ফেলে আড়ালে যান তাঁরা। পরে ফিরে এসে দেখেন সে নেই। অনেক খুঁজেও আর তাকে পাওয়া যায়নি।