৬ বছরের শিশুকে বিয়ে করে কারাগারে ধর্মীয় নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছরের এক শিশুকে বিয়ে করার অভিযোগে ৬০ বছর বয়সী আফগান এক ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ঘোর প্রদেশের মধ্যাঞ্চলে ঘটে এ ঘটনা।
ঘোর প্রদেশে ১৪ বছরের এক অন্তঃসত্ত্বা কিশোরীকে পুড়িয়ে হত্যার ঘটনায় যখন দেশটিতে তোলপাড় চলছে, এর পরের দিনই গ্রেপ্তারের এ ঘটনা ঘটল।
কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় এই নেতার নাম মোহাম্মদ করিম। তিনি দাবি করেছেন, ওই শিশুটির মা-বাবা ‘ধর্মীয় উৎসর্গ’ হিসেবে শিশুটিকে তাঁর হাতে তুলে দিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, শিশুটির পরিবার এ কথা শুনে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে। হেরাত প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে শিশুটিকে অপহরণ করা হয় বলে তারা জানিয়েছে।
ঘোর প্রদেশের নারী-বিষয়ক অধিদপ্তরের প্রধান মাসুম আনওয়ারি বলেন, শিশুটি কথা বলতে পারছে না। শুধু একটি কথাই বারবার বলছে, ‘ওই লোকটাকে আমি ভয় পাই।’