৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

চীনে ভূমিধসের প্রায় ৭২ ঘণ্টা পর আজ বুধবার ধ্বংসস্তূপের নিচ থেকে এক তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত রোববার দেশটির শেনঝেন শহরের একটি শিল্পপার্কে ওই ভূমিধস হয়। এতে ৩০ টির বেশি ভবন ভেঙে পড়ে বা দেবে যায়।

জীবিত উদ্ধার হওয়া তরুণের নাম তিয়ান জেমিং (১৯)। বীজ জাতীয় খাবার ও ফল খেয়ে তিনি এই সময় পর্যন্ত টিকে ছিলেন বলে বলা হচ্ছে।

জরুরি উদ্ধার দলের প্রধান বলেছেন, বাঁচার জন্য তিয়ানের তীব্র আকাঙ্ক্ষা ছিল।

কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ওই ব্যক্তিকে খুবই দুর্বল অবস্থায় পাওয়া গেছে। তাঁকে নিরাপদে বের করে আনতে প্রায় দুই ঘণ্টা লেগেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আজ আরও একজনকে জীবিত পাওয়া যায়। তবে কয়েক ঘণ্টার মাথায় তাঁর মৃত্যু হয়।

ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কত জন নিহত হয়েছে, তার কোনো আনুষ্ঠানিক হিসাব দেয়নি দেশটির কর্তৃপক্ষ। তবে তারা বলছে, এ ঘটনায় এখনো ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

ভূমিধসের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে চীনের মন্ত্রিসভা।