৭২৭ জন অভিবাসীকে 'নিরাপদ' আশ্রয়ে নিচ্ছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দামান সাগরে লেইক দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশী প্রায় ৭২৭ জনকে নিয়ে একটি নৌকা গত শুক্রবার আটক করা হয়। নৌকাটি আজ নৌবাহিনীর প্রহরায় ‘নিরাপদ’ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছে দেশটির সরকার। ছবি: রয়টার্স
আন্দামান সাগরে লেইক দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশী প্রায় ৭২৭ জনকে নিয়ে একটি নৌকা গত শুক্রবার আটক করা হয়। নৌকাটি আজ নৌবাহিনীর প্রহরায় ‘নিরাপদ’ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছে দেশটির সরকার। ছবি: রয়টার্স

পাচারের শিকার ৭২৭ জন অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাটিকে ‘নিরাপদ’ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মিয়ানমারের তথ্যমন্ত্রী ইয়ে হুতুত। আজ মঙ্গলবার রয়টার্সকে টেলিফোনে এ কথা জানিয়েছেন তিনি। হুতুত জানান, সেখান থেকে তাঁদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ইয়ে হুতুতকে উদ্ধৃত করে রয়টার্স বলেছিল, মাছ ধরার ওই নৌকাটিকে বাংলাদেশ সীমান্তের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

আগে করা সেই উদ্ধৃতি সংশোধন করে মন্ত্রী রয়টার্সকে বলেন, অভিবাসনপ্রত্যাশীদের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে পর্যাপ্ত খাবার ও পানিও দেওয়া হয়েছে। তবে ‘নিরাপত্তার’ খাতিরে সেই নিরাপদ স্থানটি কোথায় তা প্রকাশ করেননি তিনি।

আন্দামান সাগরে গত শুক্রবার ভাসমান অবস্থায় মাছ ধরার একটি নৌকা থেকে এ ৭২৭ জনকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গত মাসে থাইল্যান্ডে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর জাতিসংঘ যে দুই হাজার লোক সাগরে ভাসমান অবস্থায় আছে বলে উল্লেখ করেছিল এই ৭২৭ জন তাদের মধ্যকার।

যদিও মিয়ানমার সরকার প্রাথমিকভাবে এসব অভিবাসীকে ‘বাঙালি’ বলেই উল্লেখ করে কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন যে কথ্য ভাষা ব্যবহার করেছে তা বাংলাদেশের নয় বরং রাখাইন প্রদেশের ভাষা।

রোহিঙ্গার বিষয়টি মিয়ানমারের জন্য একটি সংবেদনশীল বিষয়। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে জয়ী হতে চাইলে মিয়ানমারের রোহিঙ্গাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধ করা উচিত।