৭৭ শতাংশ আসন সু চির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে এ মাসে অনুষ্ঠিত ঐতিহাসিক সাধারণ নির্বাচনে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৭৭ শতাংশ আসনে জয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।
ঘোষিত ফলাফল অনুযায়ী, পার্লামেন্ট ও বিভিন্ন প্রাদেশিক পরিষদের প্রতিদ্বন্দ্বিতা হওয়া ১ হাজার ১৫০টি আসনের মধ্যে এনএলডি জিতেছে ৮৮৭টিতে, যা মোট আসনের ৭৭ দশমিক ১ শতাংশ। সু চির দল পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে সেনা-সমর্থিত ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জিতেছে মাত্র ১১৭টি আসনে, যা মোট আসনের ১০ শতাংশ। তবে পার্লামেন্টে এক-চতুর্থাংশ আসন সামরিক বাহিনীর জন্য সাংবিধানিকভাবে সংরক্ষিত।
মিয়ানমারে নির্বাচন হয়েছে গত ৮ নভেম্বর। কিন্তু সাম্প্রতিক প্রলয়ংকরী ভূমিকম্পে দারুণভাবে ক্ষতিগ্রস্ত দেশটির প্রত্যন্ত এলাকাগুলো থেকে ফলাফল এসে রাজধানীতে পৌঁছাতে কয়েক দিন লেগে গেছে বলে খবরে উল্লেখ করা হয়।
খবর অনুযায়ী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের কিছু অংশ প্রত্যন্ত পার্বত্য এলাকা থেকে হেঁটে ব্যালট বাক্স নিয়ে তা হেলিকপ্টারে তুলেছেন। এরপর তা রাজধানী নেপিডোতে পৌঁছানোর পর নির্বাচন কমিশনের কর্মীরা ব্যালট পেপার গণনা করেন।