এক হামলার জের ধরে ইসরায়েল রমজান মাসের জন্য ৮৩ হাজার ফিলিস্তিনির প্রবেশাধিকার বাতিল করেছে। তেল আবিব শহরে দুজন ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় চার ইসরায়েলি নিহত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিল।
ইসরায়েলি পুলিশ বলেছে, অধিকৃত পশ্চিম তীরের দুজন ফিলিস্তিনি গত বুধবার রাতে তেল আবিবের সারোনা বিপণিবিতান এলাকায় ক্রেতা ও রেস্তোরাঁয় খাওয়াদাওয়ারত লোকজনকে লক্ষ্য করে গুলি করে। এতে চারজন নিহত ও ১৬ জন আহত হন। পরে ওই হামলাকারীদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি সরকার এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ফিলিস্তিনিশাসিত গাজা এলাকার নিয়ন্ত্রক কট্টর ইসলামপন্থী সংগঠন হামাস এ ঘটনাকে ‘বীরোচিত হামলা’ বলে আখ্যায়িত করেছে।
ইসরায়েলি পুলিশ জানায়, হামলাকারীরা সম্পর্কে চাচাতো ভাই। হেবরন শহরের কাছাকাছি ফিলিস্তিনি গ্রাম ইয়াত্তার বাসিন্দা তারা। নিষেধাজ্ঞা বজায় থাকা পর্যন্ত ফিলিস্তিনিরা তেল আবিবের বিমানবন্দর দিয়ে বিদেশ যেতে কিংবা জেরুজালেমে রমজানের ইবাদতে অংশ নিতে বাধার সম্মুখীন হবেন।