যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্বজনেরা সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এ সুযোগ করে দিতে মার্কিন কর্তৃপক্ষ একটি আইন প্রণয়নের প্রক্রিয়ায় বেশ কিছু দূর এগিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছে, এই আইন ‘বিপর্যয়কর পরিণাম’ ডেকে আনবে।
মার্কিন সিনেটের প্রতিনিধি পরিষদ গত বুধবার নাটকীয়ভাবে ওই আইন অনুমোদনের পক্ষে ভোট দেয়। এতে ৯/১১ হামলায় নিহত ব্যক্তিদের স্বজনেরা সৌদি সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন। এ আইনের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে রিয়াদ। ফলে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য জাস্টিস অ্যাগেইনস্ট স্পনসরস অব টেররিজমের (জাস্টা) বিরোধিতা করে ভেটো দিয়েছিলেন। তবে কংগ্রেস তাঁর ওই অবস্থানের বিরুদ্ধেই আইনটি অনুমোদনের পক্ষে ভোট দেয়। জাস্টা কার্যকর হলে ৯/১১ হামলায় বেঁচে যাওয়া লোকজন এবং নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন মার্কিন আদালতে ক্ষতিপূরণ চেয়ে বিদেশি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। বিশেষত, মার্কিন ভূখণ্ডে সন্ত্রাসী হামলায় যে দেশের কিছু না কিছু দায় রয়েছে, সেই দেশের বিরুদ্ধেই এ রকম মামলা করা যাবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ওই ‘বিপর্যয়কর ও বিপজ্জনক’ আইন মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।
৯/১১ হামলাকারীদের প্রতি সৌদি আরবের সমর্থন ছিল বলে যে সন্দেহ রয়েছে, রিয়াদ সেটা বরাবরই প্রত্যাখ্যান করেছে। ওই সন্ত্রাসীরা আল-কায়েদা নামের জঙ্গি সংগঠনের ব্যানারে প্রায় তিন হাজার মানুষকে হত্যা করেছিল। হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক ছিলেন।