৯/১১ হামলা বিল পাস হলে বিনিয়োগ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯/১১ সন্ত্রাসী হামলায় দায়ী বলে অভিযুক্ত দেশের বিরুদ্ধে মামলার অধিকারের বিল পাস করা হলে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ তুলে নেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন এবং কংগ্রেস সদস্যদের এ কথা জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।
আলোচ্য বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর চালানো সন্ত্রাসী হামলা বা অন্য যেকোনো হামলার ভুক্তভোগী মার্কিনের পরিবার ঘটনায় বাইরের দেশের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে মামলা করতে পারবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় সৌদি আরব তাদের কোনো সম্পৃক্ততার বিষয় বরাবরই অস্বীকার করে আসছে। তবে ৯/১১-এর হামলার সঙ্গে জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক। এ ছাড়া কথিত ‘২০’তম হামলাকারী জাকারিয়াস মুসাবি অভিযোগ করেছেন, সৌদি রাজপরিবারের কয়েকজন সদস্য জঙ্গি সংগঠন আল-কায়েদা পরিচালিত ওই হামলায় সহায়তা দেন।
বিলটি যাতে পাস না হয় সে জন্য কংগ্রেসে জোর তৎপরতা শুরু করেছে ওবামা প্রশাসন। মার্কিন সরকার এবং কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি—উভয় দলের সদস্যরা এ কথা জানিয়েছেন। গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে এই বলে সতর্ক করে দেয় যে, বিলটি পাস হলে মার্কিন অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে। এক সপ্তাহজুড়ে মার্কিন আইনপ্রণেতা এবং পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনের কর্মকর্তাদের মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল এটি।
গত মাসে ওয়াশিংটন সফরে এসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের বিনিয়োগ তুলে নেওয়াসংক্রান্ত সৌদি বাদশাহের বার্তা পৌঁছে দেন যুক্তরাষ্ট্র সরকারকে। বার্তায় বলা হয়, বিলটি পাস হলে সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার কোটি ডলারের বন্ড এবং অন্যান্য বিনিয়োগ তুলে নেবে।
অর্থনীতিবিদদের অনেকেই বলছেন, সৌদি আরব যে হুমকি দিয়েছে বাস্তবে তা কার্যকর করা খুব কঠিন। এর ফলে তেলসমৃদ্ধ রাষ্ট্রটির অর্থনীতিও হুমকির মধ্যে পড়বে। কিন্তু এ হুমকির ফলে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হবে। দ্বিপক্ষীয় সম্পর্কে এর প্রভাব পড়বে।
ওবামা প্রশাসন মনে করে, সৌদি আরবকে দোষী সাব্যস্ত করে বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা মার্কিন নাগরিকেরাও ঝুঁকির মধ্যে পড়বে। তবে প্রশাসনের এই বিলটি ঠেকানোর তৎপরতা ক্ষুব্ধ করেছে কিছুসংখ্যক মার্কিন আইনপ্রণেতা এবং ৯/১১-এর হামলায় নিহত লোকজনের পরিবারগুলোকে। তাঁরা মনে করেন, ওবামা প্রশাসন ওই হামলায় যাতে সৌদি আরবকে না জড়ানো হয় সে জন্য ক্রমাগত চেষ্টা করে আসছে। তাঁদের অভিযোগ, ওই হামলার নেপথ্যে কিছু সৌদি কর্মকর্তার ভূমিকার বিষয়ে অনুসন্ধানের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করেছে ওবামা সরকার।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় নিহত হন মিন্ডি ক্লাইনবার্গের স্বামী। আইনটি পাস করতে নিহত ব্যক্তিদের স্বজনদের যে দলটি কাজ করছে, মিন্ডি তার সদস্য। তিনি বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে আমাদের সরকারের কাছে নিজের দেশের মানুষের চেয়ে সৌদি আরবের গুরুত্ব বেশি।’
৯/১১ হামলার তদন্তে গঠিত মার্কিন কংগ্রেসের কমিটির সহসভাপতি এবং সাবেক সিনেটর বব গ্রাহাম সিএনএনকে বলেন, ‘সৌদি আরবের হুমকিতে আমি ক্ষুব্ধ, তবে বিস্মিত হইনি। সৌদি আরব ওই হামলায় কী ভূমিকা রেখেছে, তা তারা ভালো করেই জানে। এ-ও জানে যে, তাদের ভূমিকার বিষয়ে আমরা অবগত আছি। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চস্তরের কর্মকর্তারা।’
এমন পরিস্থিতিতেই আগামী বুধবার বারাক ওবামা রিয়াদে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকে বসছেন। ৯/১১-সংক্রান্ত প্রস্তাবিত আইনটি নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
৯/১১ হামলা নিয়ে গঠিত মার্কিন কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, ‘ওই হামলা পরিচালনাকারী সংগঠনকে সৌদি সরকার বা এর কোনো গুরুত্বপূর্ণ সদস্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দিয়েছিলেন, এ রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।’