৯ /১১ হামলায় সৌদি সরকারের ভূমিকা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলা বিষয়ে তদন্ত কমিশন প্রতিবেদনের আলোচিত ২৮ পৃষ্ঠায় ওই ঘটনায় সৌদি সরকারের যোগসাজশ থাকার তথ্য পাওয়া যায়নি।
১৩ বছর জনগণের কাছ থেকে গোপন রাখা ওই পৃষ্ঠাগুলো অবশেষে প্রকাশ করেছে মার্কিন কংগ্রেস। তবে সরকারের সম্পর্ক না থাকার কথা বলা হলেও প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১ হামলাকারীরা সম্ভবত সৌদি আরবের ভেতর থেকে কারও আর্থিক সহায়তা পেয়েছিল।
বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও সন্ত্রাসী হামলার শিকার হওয়া লোকজনের স্বজনেরা ওই ২৮ পৃষ্ঠার নথিগুলো জনসমক্ষে প্রকাশের জন্য চাপ দিয়ে আসছিলেন। তাঁরা অভিযোগ করে আসছিলেন, যুক্তরাষ্ট্র তার গুরুত্বপূর্ণ মিত্রদের বাঁচানোর জন্য এগুলো প্রকাশ করছে না।
২০০২ সালে যুক্তরাষ্ট্রের একটি নিরপেক্ষ কমিশন ৯/১১ রিপোর্ট নামের ওই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটির অপ্রকাশিত ২৮ পৃষ্ঠা ‘টুয়েন্টি এইট পেজেস’ (‘সেই ২৮ পৃষ্ঠা’) নামে অনানুষ্ঠানিকভাবে পরিচিত হয়ে ওঠে।

 মার্কিন কর্মকর্তারা বলেছেন, নথিগুলো প্রকাশের আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) সেগুলো সামান্য সম্পাদনা করেছে। এসব নথি অনুযায়ী, হামলাকারীরা সৌদি আরবের ভেতরের কোনো নাগরিকের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকতে পারে। তবে সরকারের কোনো যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি।

এ প্রতিবেদন প্রকাশকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সউদ বলেছেন, ‘এ নথিই নিশ্চিত করেছে এর সঙ্গে সৌদি সরকার বা সেখানকার কোনো কর্মকর্তা জড়িত ছিলেন না।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কসহ কয়েকটি স্থানে ছিনতাই করা বিমান দিয়ে একযোগে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে শুধু নিউইয়র্কে টুইন টাওয়ার নামে পরিচিত সুউচ্চ বিশ্ব বাণিজ্য কেন্দ্র ভবন বিধ্বস্ত হয়ে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। যে ১৯ ব্যক্তি টুইন টাওয়ার ও পেন্টাগন ভবনে তিনটি বিমান আছড়ে ফেলেন তাঁদের মধ্যে ১৫ জনই সৌদি আরবের নাগরিক। এই হামলার জের ধরেই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালিয়ে সেখানকার তালেবান সরকারকে উৎখাত করে।