৯১ বছর বয়সে বিশ্ববিদ্যালয় ডিগ্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিমলান জিনাকুল
কিমলান জিনাকুল

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় লামপাং প্রদেশের সবচেয়ে ভালো স্কুলগুলোর একটিতে পড়েছিলেন তিনি। কিন্তু পরিবার হঠাৎ করেই ব্যাংককে স্থানান্তরিত হয়। দ্রুত বিয়েও হয়ে যায় তাঁর। ফলে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা অপূর্ণই থেকে যায়। দেখতে দেখতে পাঁচ সন্তানের জননী কিমলান জিনাকুলের চুলে পাক ধরে। বয়স যেন ছুটে চলে দুরন্ত গতিতে।

সব সন্তানই বিশ্ববিদ্যালয়ের পাঠও চুকিয়ে ফেলেন। হঠাৎ নিজের ভেতরের স্বপ্নটা যেন মাথাচাড়া দিল। তাতে সাড়া দিয়ে লেখাপড়াও শুরু করে দিলেন। ৯১ বছর বয়সে স্বপ্ন সত্যি হলো। বাস্তুসংস্থান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলেন কিমলান।

কিমলান বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সন্তানেরা লেখাপড়া করুক। তাই আমি তাদের পড়ার ব্যাপারে উৎসাহ দিয়েছি, সহযোগিতা করেছি।’ তঁার পাঁচ সন্তানের মধ্যে চারজনই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একজন তো যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন।

জীবনসায়াহ্নে এসে লেখাপড়ার সূত্রপাত সম্পর্কে কিমলান বলেন, ‘লেখাপড়ায় কখনোই দেরি বলতে কিছু নেই।’ তিনি জানান, তাঁর এক মেয়ে হাসপাতালে কাজ করা অবস্থায় সুখোথাই থাম্মাথিরাট উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটি কোর্স করেন। ওই সময়ই আবার লেখাপড়া শুরুর সিদ্ধান্ত নেন কিমলান। তখন তাঁর বয়স ৭২ বছর। কিন্তু কিমলানের সে মেয়ে মারা যান। সন্তান হারানোর শোক তাঁকে থামিয়ে দেয়। এই শোক কাটিয়ে ওঠার পর ৮৫ বছর বয়সে আবারও লেখাপড়া শুরু করেন তিনি। এবার আর থামতে হয়নি। ৯১ বছর বয়সে স্নাতক ডিগ্রির সনদ হাতে আসে তাঁর।