৯৭ নম্বর নিয়ে শেষ হলো বাংলাদেশের আইএমও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন প্রতিযোগীর একটি মাত্র সমস্যার মূল্যায়ন বাকি ছিল। গতকাল সোমবার রাতে প্রতিযোগীদের সঙ্গে এবং আলাদাভাবে আমাদের দলনেতা ওই উত্তরপত্র মূল্যায়ন করেছেন। নম্বর বাড়ানোর তেমন কিছু আসলে খাতায় পাওয়া যায়নি। এতে ৫ নম্বর প্রশ্নের সমস্যা থেকে আদিব হাসানের জন্য ১ নম্বরের বেশি পাওয়া যায়নি। তা নিয়ে আজ মঙ্গলবার সকালে আমরা আমাদের সব উত্তরপত্রের মূল্যায়ন শেষ করলাম।

আমাদের মোট নম্বর হলো ৯৭। এর মধ্যে তিনটি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করে সানজিদ আনোয়ার পেয়েছে ২১ নম্বর। অন্যদের মধ্যে আসিফ-ই-এলাহী ও আদিব হাসানের প্রত্যেকে ১৭ নম্বর করে, সাব্বির রহমান ১৫, সাজিদ আকতার তুর্য ১৪ ও নেয়ামুল ইসলাম ১৩ নম্বর পেয়েছে। এটি বাংলাদেশ দলের ১১ তম অংশগ্রহণের মধ্যে প্রাপ্ত সবচেয়ে বেশি নম্বর। প্রথমবার বাংলাদেশ পেয়েছিল মাত্র ৩ নম্বর! এর পর থেকে ধাপে ধাপে আমাদের নম্বর বেড়েছে।

দলগতভাবে বাংলাদেশের অবস্থান এবার অনেক ওপরে উঠবে বলে আশা করা যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা এবারই প্রথম ভারতকে হারাতে পেরেছি। ভারতের সংগ্রহ ৮৫ নম্বর। এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) সাম্প্রতিককালে সবচেয়ে কম নম্বরের আইএমও হয়েছে বলা যায়। গণিত বিশ্বের মহারথী যেমন চীন, কোরিয়া, রাশিয়া বা যুক্তরাষ্ট্রের নম্বর অন্যান্যবারের চেয়ে কম হতে পারে।
বাংলাদেশ দলের কোচ মাহবুব মজুমদার অবশ্য আরও ভালো ফলাফলের প্রত্যাশা করেছিলেন। তাঁর ধারণা, আরেকটু মাথা ঠান্ডা রেখে তাড়াহুড়া না করলে আদিব ও সাজিদ আরও ভালো করতে পারত। কারণ দুজনেরই ২ ও ৫ নম্বর সমস্যা সমাধানের যোগ্যতা আছে। নতুন দুজনের প্রাপ্ত নম্বরে আমি খুশি। কারণ এর আগে প্রথমবার এসেই মেডেল পাওয়ার সম্ভাবনাকেও জাগাতে পারিনি। এবার সাব্বিরের ব্রোঞ্জ পাওয়ার খুবই সম্ভাবনা আছে। নতুন দুজনই ভালো করেছে। আমাদের একটি লক্ষ্য ২০১৬ সালের মধ্যে দলীয় ১০০ নম্বর অতিক্রমের খুব কাছে আমরা এবার পৌঁছাতে পেরেছি।

ন্যূনতম কত নম্বরে কোন মেডেল পাওয়া যাবে, তা চূড়ান্ত হবে আজ রাতে, বিচারকদের শেষ সভায়। বিভিন্ন দেশের প্রতিযোগীদের প্রাপ্ত নম্বর বিবেচনা করে বলা যায়, সানজিদ আনোয়ারের রূপা পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদের মধ্যে তিনজনের ব্রোঞ্জ পাওয়ার আশা করা যায়। এসবের জন্য আমাদের আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে।

এবারের ৫৬ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ছয়জন প্রতিযোগী অংশ নিয়েছে। ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় এই ছয়জনকে নির্বাচিত করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আগামীকাল পুরস্কার বিতরণীর মাধ্যমে এটি শেষ হবে।