৯৮টি ফুটবল মাঠের সমান বিমানবন্দরের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: এএফপি
দাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: এএফপি

চীনের মেগা বিমানবন্দর দাক্সিংয়ের যাত্রা শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পিপলস রিপাবলিক অব চীনের ৭০ বছর পূর্তি। সে উপলক্ষে আজ বুধবার প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে এই বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চায়না ডেইলির তথ্য অনুযায়ী ৭ লাখ বর্গমিটারের বিমানবন্দরটি প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ বিলিয়ন ডলার।

অনিন্দ্যসুন্দর ৭ লাখ বর্গমিটারের বিমানবন্দরটি প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান। ছবি: টুইটার
অনিন্দ্যসুন্দর ৭ লাখ বর্গমিটারের বিমানবন্দরটি প্রায় ৯৮টি ফুটবল মাঠের সমান। ছবি: টুইটার

এয়ারপোর্ট কাউন্সিলের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যস্ততম বিমানবন্দর হলো বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। ১৯৫৮ সালে তৈরি বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর ব্যবহার করে প্রায় ১০ কোটি মানুষ। যুক্তরাষ্ট্রের আটলান্টার বিমানবন্দরের পরই এর স্থান। সরকারি কর্মকর্তারা বলছেন, ওই বিমানবন্দরের চাপ কমাতেই এটি তৈরির দরকার পড়ে।

বিশাল আকৃতির বিমানবন্দরটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ বিলিয়ন ডলার। ছবি: রয়টার্স
বিশাল আকৃতির বিমানবন্দরটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ বিলিয়ন ডলার। ছবি: রয়টার্স

বলা হচ্ছে, নতুন এই বিমানবন্দরে আছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল। ২০২৫ সাল নাগাদ ১৭ কোটি যাত্রী ব্যবহার করবেন এই বিমানবন্দর।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, দাক্সিং দিয়ে আজ অভ্যন্তরীণ সাতটি রুটে বিমান চলাচল শুরু হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থা যেমন ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক ইতিমধ্যেই দাক্সিং থেকে তাদের রুট পরিকল্পনা দিয়েছে।

বলা হচ্ছে, নতুন এই বিমানবন্দরে আছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল। ছবি: রয়টার্স
বলা হচ্ছে, নতুন এই বিমানবন্দরে আছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল। ছবি: রয়টার্স

ইরাকি বংশোদ্ভূত বিখ্যাত স্থপতি জাহা হাদিদ এই বিমানবন্দরের নকশা করেছেন। তিয়েনআনমেন স্কয়ার থেকে মাত্র ৪৬ কিলোমিটার দক্ষিণে এই বিমানবন্দরের অবস্থান। দেখতে অনেকটা তারা মাছের (স্টার ফিশ) মতো হওয়ায় চীনা মিডিয়ার পক্ষ থেকে এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে ‘স্টার ফিশ’।