'অদৃশ্য' তিব্বতিদের দিকে তাকানোর কেউ নেই
নেপালে গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পের পর প্রতি মুহূর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে একের পর এক পরাঘাতে মানুষ নতুন বিপর্যয়ের আতঙ্কে রয়েছে। এ অবস্থায় নেপালে থাকা হাজার হাজার অনিবন্ধিত উদ্বাস্তুর পরিণতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, কেউ কি আদৌ তাদের খোঁজ করছে?
১৯৫৯ সালে তিব্বতে চীনের সামরিক হস্তক্ষেপের পর দুর্গম পাহাড় পাড়ি দিয়ে নেপালে আসেন অনেক তিব্বতি। এঁদের মধ্যে খুব কমসংখ্যকই রাজধানী কাঠমান্ডুর কাছে উদ্বাস্তু শিবিরে ঠাঁই পেয়েছিলেন। বেশির ভাগই ঘর বাঁধেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে। এবারের ভূমিকম্পে সে রকম অনেক গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে।
নেপালে থাকা দ্বিতীয় প্রজন্মের তিব্বতিদের মধ্যে সামান্যসংখ্যকেরই দেশটির নাগরিকত্ব জুটেছে। তাঁদের নেই কোনো পরিচয়পত্র। দেশহীন এসব মানুষ তাই যেন থেকেও অদৃশ্য। এমনিতেও দরিদ্র নেপালের সরকার এসব মানুষকে নিয়ে তেমন উচ্চবাচ্য করে না। উত্তরের প্রভাবশালী প্রতিবেশী চীন পাছে নাখোশ হয়, সে জন্যই তাদের এই নীরবতা।
শনিবারের ভূমিকম্পের পরে তাই তিব্বতি-অধ্যুষিত গ্রামের মানুষ কী হালে আছে, তার খবর কেউ রাখেনি। ক্ষতিগ্রস্ত গ্রামের তালিকাতে এদের নাম ওঠেনি। কারণ, সরকারিভাবে এগুলোর কোনো অস্তিত্বই নেই। এমনই একটি হতভাগ্য গ্রাম ব্রিদিম। দরিদ্র এই গ্রামটি ভূমিকম্পে একেবারে গুঁড়িয়ে গেছে। হাতে গোনা কয়েকটি বেসরকারি সংগঠন নেপালে থাকা তিব্বতিদের নিয়ে কাজ করে। ডোলমা ডেভেলপমেন্ট ফান্ড এর মধ্যে একটি। ডোলমার কর্মকর্তা কারলা তেইজেরা আলভারজে কাসপার বলছিলেন, ‘ব্রিদিম সত্যিকার অর্থেই মাটির সঙ্গে মিশে গেছে। কত লোক বেঁচে আছে, তা আমরা জানি না। এখানে উদ্ধার তৎপরতা বলতে কিছু নেই।’ বিবিসি।