'আইএসের' গুলিতে আফগানিস্তানে নিহত রেডক্রসের ৬ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সন্দেহভাজন আইএস জঙ্গিদের গুলিতে রেডক্রসের ছয় কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির উত্তরাঞ্চলে ত্রাণসামগ্রী সরবরাহের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রেডক্রস। এ ঘটনায় সংস্থাটির দুই কর্মী নিখোঁজ হয়েছেন।
ওই ঘটনার পর আফগানিস্তানের সব ধরনের ত্রাণ কার্যক্রম স্থগিত করেছে রেডক্রসের আন্তর্জাতিক কমিটি। কমিটির পরিচালক ডমিনিক স্টিলহার্ট বলেন, ‘কার্যক্রম শুরুর আগে আমাদের জানা প্রয়োজন সেখানে আসলে কী ঘটেছে।’
ব্যাপক তুষারপাতে বিপর্যস্ত আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জোওজ্জান প্রদেশে ত্রাণসামগ্রী বিতরণে গিয়েছিল রেডক্রসের একটি দল। দলটিতে ছিলেন পাঁচজন মাঠকর্মী ও তিনজন গাড়িচালক। সেখানেই তাঁদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা।
নিহত ব্যক্তিদের দেহে একাধিক গুলির আঘাত পাওয়া গেছে জানিয়ে জোওজ্জান প্রদেশের পুলিশপ্রধান রহমাতুল্লাহ তুর্কিস্তানি বলেন, ‘ওই এলাকায় আইএস যোদ্ধারা সক্রিয়। আমরা আগে বেশ কয়েকবার ত্রাণকর্মীদের আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকায় যেতে নিষেধ করেছিলাম।’