'আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দ্বারপ্রান্তে উ.কোরিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং উন
কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তাঁর দেশ পরমাণু যুদ্ধাস্ত্রবাহী আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। গতকাল রোববার খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ দাবি করেন।
নিভৃতকামী সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়া ২০১৬ সালে নজিরবিহীন হারে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। তবে বিশেষজ্ঞরা এখনো মনে করেন, যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম আইসিবিএম তৈরি করতে বহু দূরে রয়ে গেছে পিয়ংইয়ং।
গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেন, উত্তর কোরিয়ায় অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জাম নিয়ে গবেষণা ও নির্মাণের কাজ সক্রিয়ভাবে চলছে এবং আইসিবিএম রকেট উৎক্ষেপণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত ৯ সেপ্টেম্বর পিয়ংইয়ং পঞ্চম ও এযাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা চালানোর পর গত মাসে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়।
কিম জং উন বলেন, উত্তর কোরিয়া এখন প্রাচ্যের সামরিক শক্তি যাকে সবচেয়ে শক্তিধর শত্রুও কিছু করতে পারবে না। স্পষ্টতই উত্তর কোরীয় নেতার এই বক্তব্যের লক্ষ্য কেবল তার দেশবাসীই নয়, যুক্তরাষ্ট্রও। উভয়কেই শক্তিমত্তার কথা জানান দেওয়া তাঁর জন্য জরুরি।