'আফগান গার্ল' জামিনে মুক্তি পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ চোখের আলোচিত ‘আফগান গার্ল’ শরবত গুলা জামিনে মুক্তি পাচ্ছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত সপ্তাহে পাকিস্তানের পেশোয়ার থেকে শরবতকে গ্রেপ্তার করা হয়। জাল পাকিস্তানি পরিচয়পত্র রাখার কারণে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফআইএ) শরবতকে গ্রেপ্তার করে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেন, তিনি মনে করেন, শরবতের বিরুদ্ধে আনা অভিযোগ পুনর্বিবেচনা করা দরকার। কারণ, তিনি একজন নারী। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।

চৌধুরী নিসার আলী বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উচিত যত দ্রুত সম্ভব শরবতের জামিনের ব্যবস্থা করা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শরবতের বিরুদ্ধে অভিযোগ যদি প্রত্যাহার করা হয়, তাহলে তাঁকে দেশ থেকে বের করে দিতে হবে। অথবা তাঁকে পাকিস্তান ছাড়ার জন্য সাময়িক ভিসা দিতে হবে। এরপর যিনি তাঁকে জাল পাকিস্তানি পরিচয়পত্র দিয়েছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ আনতে হবে। কারণ, তাঁরাই আসল অপরাধী।

পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ আদালতে প্রমাণিত হলে শরবতের সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর আলোকচিত্রী স্টিভ ম্যাককারি ১৯৮৪ সালে পেশোয়ারের কাছাকাছি এক শরণার্থীশিবির থেকে শরবতের ছবি তোলেন। ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে ওই ছবি ছাপা হয়।

সবুজ চোখের কিশোরী শরণার্থী শরবতের ছবি প্রকাশ পেলে বিশ্বজুড়ে সে প্রচার পায়। বিবর্ণ পোশাক ও ধুলোমাখা ক্লান্ত মুখে শরবতের সবুজ চোখের মর্মভেদী দৃষ্টি ছবিটিকে পরিচিত করে তোলে। ‘আফগান গার্ল’ নামে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে মেয়েটি।

আরও পড়ুন: