সিরিয়াবিষয়ক জাতিসংঘের এক তদন্ত কমিশনের সদস্য কারলা ডেল পন্টে গত রোববার বলেন, ‘নিরাপত্তা পরিষদের কিছু না করা পর্যন্ত আমার হাতে কোনো ক্ষমতাই নেই। আমরা ক্ষমতাহীন।’ সুইজারল্যান্ডের লরকানো ফিল্ম ফেস্টিভ্যালে পার্শ্ব প্যানেল আলোচনার দেশটির সাবেক এই অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি এই কমিশন থেকে পদত্যাগ করতে চলেছেন। প্রসঙ্গত, সিরিয়ায় রাসায়নিক হামলা, ইরাকের ইয়াজিদি জনগোষ্ঠীকে গণহত্যা, ত্রাণ সরবরাহকারী গাড়িবহরে বোমা হামলাসহ বড় বড় সব নৃশংসতার ঘটনা খতিয়ে দেখতে ২০১২ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের তিন সদস্যের ওই তদন্ত কমিশনে যোগ দেন কারলা ডেল পন্টে। কমিশনটি ২০১১ সালের আগস্টে গঠিত হয়। এরপর থেকে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের চিত্র বারবার তুলে এনেছে তারা। কারলা গত জুনেই তাঁর সহকর্মীদের জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করবেন। এখন কারলা পদত্যাগ করে বসলে কমিশনে থাকবেন মাত্র দুজন।