বিরোধপূর্ণ কাশ্মীর ইস্যুতে বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে একটা সংলাপে বসানোর প্রচেষ্টায় নিজে ফলপ্রসূ না হওয়ার কথা স্বীকার করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, কাশ্মীর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সংলাপে বসানোর চেষ্টায় তিনি নীরব কূটনীতিতে নিয়োজিত ছিলেন। মহাসচিব বলেন, তিনি এ বিরোধে মধ্যস্থতার চেষ্টা করছেন, ‘এমন কথা বলে আমাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়।’
জাতিসংঘ সদর দপ্তরে গতকাল বুধবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে কাশ্মীর সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে সংলাপের চেষ্টায় তিনি ব্যক্তিগতভাবে যুক্ত হয়েছেন কি না, গুতেরেসকে এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে মহাসচিব তির্যক মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনি কেন মনে করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দুবার আমি দেখা করলাম?’ তিনি বলেন, ‘এতবার বৈঠকের পর কেউ অভিযোগ করতেই পারেন, কিছুই হয়নি।’
পাকিস্তান-ভারত উপমহাদেশে উত্তেজনার পারদ বাড়তে থাকলেও জাতিসংঘ মহাসচিব কিছুই করছেন না বলে সংবাদ সম্মেলনে ওঠা অভিযোগেরও জবাব দেন গুতেরেস। তবে কাশ্মীর সমস্যার সমাধানে বা এ নিয়ে ভারত-পাকিস্তানকে আলোচনার টেবিলে বসাতে তিনি ঠিক কোন ধরনের প্রচেষ্টা চালিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
অবশ্য গুতেরেসের চাঁছাছোলা জবাবে এটা স্পষ্টই প্রতীয়মান হয়, কাশ্মীর নিয়ে বিরোধে তিনি কোনো মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে বা এতে সরাসরি যুক্ত হতে চাননি। বরং তিনি শুধু চেয়েছিলেন দীর্ঘদিনের এই বিরোধ নিয়ে দুই দেশের নেতাকে একটা সংলাপে বসাতে; যাতে দ্বিপক্ষীয়ভাবে তাঁরা নিজেরাই এর সমাধান করতে পারেন।
প্রসঙ্গত, ভারত পাকিস্তানের সঙ্গে তার বিরোধে তৃতীয় কোনো পক্ষের সংশ্লিষ্টতা নাকচ করে আসছে; বিশেষত কাশ্মীর ইস্যুতে। ১৯৭২ সালে দুই দেশের মধ্যে সই হওয়া সিমলা চুক্তির কথা উল্লেখ করে নয়াদিল্লি বলেছে, ওই চুক্তিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ‘কাশ্মীর’ একটি দ্বিপক্ষীয় বিরোধপূর্ণ ইস্যু বলে একমত হন।