'আমি যে কে তা জানি না'

‘মাঝেমধ্যে মনে হয় আমি একা। মনে হয়, আমি যে কে, তা জানি না। আমি কোথাকার তাও জানি না।’
এই খেদ ভরা কথা এক সংখ্যালঘুর। তিনি চীনের উইঘুর জাতিগোষ্ঠীর লোক। চারদিকে অনেক সম্ভাবনা, অনেক সুযোগ, প্রচুর সম্পদ, কিন্তু এসবের জন্য তিনি যেন অলিখিতভাবে অচ্ছুৎ। সব থেকেও তাঁর কিছু নেই। বঞ্চনা অহর্নিশ দহন থেকেই তাঁর এই খেদোক্তি।
বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত হওয়া জীবিকার সন্ধানে চীনের মানুষ ক্রমেই নগরমুখী হচ্ছেন। ২০০০ সালে দেশটির দুই-তৃতীয়াংশ নাগরিকের বাস ছিল গ্রামে। এখন এই সংখ্যা অর্ধেকেরও কম।
তবে দেশটির দুই ক্ষুদ্র নৃগোষ্ঠী উইঘুর ও তিব্বতিরা সেই সুযোগ থেকে বঞ্চিত। জাতিগত বৈষম্যের কারণে শহরে তাদের সহজে কেউ কাজ দিতে রাজি হয় না। তাই এ দুই জাতিগোষ্ঠীর বেশির ভাগ মানুষ নিজ নিজ এলাকার কৃষিজমিতেই কাজ করেন। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।
উইঘুর জাতিগোষ্ঠীর লোকেরা তুর্কি ভাষায় কথা বলে। এদের বেশির ভাগই মুসলমান। চীনের জিনজিয়াং প্রদেশে এক কোটি উইঘুর জাতিগোষ্ঠীর মানুষের বাস। ২০০০ সালে উইঘুরদের ৮০ শতাংশ কৃষিজীবী ছিল। ১০ বছর পর তা ৮৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। জাতিগত বৈষম্যের কারণে উইঘুররা প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়ে। সর্বশেষ ১২ জানুয়ারি চীনের সীমান্ত শহর শুলেতে পুলিশের ওপর হামলা চালায় উইঘুররা। এ সময় সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
অন্যদিকে তিব্বতে উইঘুরদের মতো সংঘর্ষের ঘটনা তুলনামূলকভাবে অনেক কম হলেও এ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চীন সরকারের মাথাব্যথার অন্যতম কারণ। তিব্বত ও এর আশপাশের প্রদেশগুলোতে মোট ৬০ লাখ তিব্বতির বাস। ২০০০ সালে তিব্বতিদের ৮৭ শতাংশ মানুষ কৃষিজীবী ছিল। ২০১০ সালে এর মাত্রা সামান্য কমে ৮৩ শতাংশে পৌঁছেছে। তিব্বতিদের কেউ কেউ কৃষিজমিতে কাজ করতেই বেশি পছন্দ করে। তবে বেশির ভাগই অনুভব করে, তারা চীনের সংখ্যাগরিষ্ঠ হান জনগোষ্ঠীর মতো সুযোগসুবিধা পায় না। হান জনগোষ্ঠী চীনের মোট জনসংখ্যার ৯০ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে কোটি কোটি হান জনগোষ্ঠী শহরে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। কিন্তু উইঘুর কিংবা তিব্বতিরা সেই সুযোগ থেকে বঞ্চিত। তারা খুব ভালোভাবেই জানে, নগরে তারা অনাহূত।
কর্মক্ষেত্রে ভাষাগত ভিন্নতা একটি কারণ। কেননা উইঘুর এবং তিব্বতিরা চীনের রাষ্ট্রীয় ভাষা ম্যান্ডারিনে কথা বলে না। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যান্ডারিন শেখার বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করলেও এটিকে তারা তাদের সংস্কৃতি ও মাতৃভাষাকে দমিয়ে রাখার কৌশল হিসেবে মনে করে।
তবে ভাষাই একমাত্র কারণ নয়। জাতিগত বিদ্বেষই প্রধান কারণ বলে মনে করেন গবেষকেরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেজা হাসমত তাঁর গবেষণায় দেখেছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চাকরি প্রার্থীরা অত্যন্ত কম বেতনে চাকরি করতে বাধ্য হন। অনেক ক্ষেত্রে চাকরির জন্য জমা দেওয়া জীবনবৃত্তান্তে নাম দেখেই অনেক সময় চাকরিদাতা এ দুই জাতিগোষ্ঠীর প্রার্থীদের আর সাক্ষাৎকারের জন্য ডাকেন না।