'আমিই হয়ত শেষ দালাই লামা'

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, তিনি মনে করেন তিনিই হয়ত শেষ দালাই লামা। তাঁর মৃত্যুর পর দালাই লামা পদে নতুন কারও আসার বিষয়টি ভবিষ্যত পরিস্থিতি ও তিব্বতের সাধারণ মানুষের ওপর নির্ভর করবে।
নোবেল বিজয়ীদের ১৪তম বিশ্ব সম্মেলন উপলক্ষে রোমে অবস্থানকালে বিবিসির নিউজনাইট অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী এই আধ্যাত্মিক নেতা এ কথা বলেন।
তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতৃত্বের পদকে ‘দালাই লামা’ বলা হয়। বর্তমানে ১৪তম দালাই লামা তিব্বতি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর আসল নাম লামো থোনদুপ।
সাক্ষাৎকারে দালাই লামা বলেন, কেবল আর্থিক কারণে সম্প্রতি হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ইস্যুতে যুক্তরাজ্য চীনের সঙ্গে কোমল সম্পর্ক বজায় রেখেছে। তিনি বলেন, চীনকে আরও বেশি গণতান্ত্রিক হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি উৎসাহিত করতে হবে। তাঁর মতে, ‘চীন মূলধারার বিশ্ব অর্থনীতিতে যোগদান করতে চায়।’ তবে এ ক্ষেত্রে তাঁদের উচিত চীনকে স্বাগত জানানো। একই সঙ্গে মুক্ত বিশ্বের নৈতিক দায়িত্ব হলো নিজের স্বার্থে চীনকে মূল ধারার গণতন্ত্রে নিয়ে আসা।
১৯৫৯ সালে তিব্বতে একটি গণঅভ্যুত্থানের চেষ্টা চীনের সেনাবাহিনী নস্যাৎ করে দেয়। এর পর থেকে শান্তিতে নোবেল পাওয়া দালাই লামাকে একজন ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে মনে করে চীন। তিনি এখন চীনের সঙ্গে ‘মধ্যপন্থী পথ’ অবস্থানে রয়েছে। এখন তিব্বতের জন্য স্বাধীনতা নয় বরং ‘স্বায়ত্বশাসন’ চান তিনি।
ওই সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী এই নেতা বলেছেন, ‘তিনি কোনো উত্তরাধিকার নাও পেতে পারেন।’ এরপরও তাঁর পর নতুন কোনো দালাই লামা আসবে কি না, তা তাঁর মৃত্যুর পরবর্তী পরিস্থিতি এবং তিব্বতের জনগণের ওপর নির্ভর করছে। তিনি মনে করেন, দালাই লামার ভূমিকায় আগের মতো রাজনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে না। ২০১১ সালে রাজনৈতিক দায়িত্বগুলো নির্বাসিত তিব্বতিদের সরকার প্রধান লোবসাং সাংগের কাছে হস্তান্তর করেছিলেন তিনি। তার এই পদক্ষেপ তিব্বতীয় সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধি থাকার বিষয়ে দালাই লামার সমর্থনের ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে।
বিবিসিকে দালাই লামা বলেন ‘এক দিন দালাই লামা ইনস্টিটিউশন থেমে যাবে। এই মনুষ্যসৃষ্ট প্রতিষ্ঠান থেমে যাবে।’
পরবর্তীতে কিছু নির্বোধ দালাই লামা আসবে না, এমন কোনো গ্যারান্টি নেই। এটা খুবই দুঃখজনক। তাই একটি জনপ্রিয় দালাই লামার সময়ে কয়েক শতাব্দীর এই ঐতিহ্যের অবসান হওয়াই উচিত’ বলে মনে করেন এই নেতা। যিনি বর্তমানে ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন।
তিব্বতীয় বুদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি পানচেন লামা পরবর্তী দালাই লামা নির্বাচনে প্রধান ভূমিকা রাখবেন। ১৯৯৫ সালে পানচেন লামা হিসেবে একটি বালকের নাম প্রস্তাব করেন দালাই লামা, যার পরিচয় পাওয়া যায়নি। কিন্তু চীন দালাই লামার এ প্রস্তাব প্রত্যাখান করে নিজেরাই এ পদে প্রতিযোগী পছন্দের ঘোষণা দেয়।