'ইরানের সঙ্গে আলোচনায় 'যথেষ্ট অগ্রগতির' দাবি
ইরানের সঙ্গে ছয় জাতির পারমাণবিক আলোচনায় মতানৈক্যের খবর উড়িয়ে দিয়ে ‘যথেষ্ট অগ্রগতির’ দাবি করেছে পাশ্চাত্য। আলোচনায় নিজেদের ‘উদ্দেশ্যের একতা’র কথাও পুনর্ব্যক্ত করেছে তারা। খবর এএফপির।
ইরানের সঙ্গে ছয় জাতির (জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি) আলোচনা আগামী বুধবার থেকে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে উভয় পক্ষকে একটি রূপরেখা চুক্তির বিষয়ে সম্মত হতে হবে। আর আগামী জুনের মধ্যে স্বাক্ষরিত হতে হবে একটি পূর্ণাঙ্গ চুক্তি। এমন প্রেক্ষাপটে সুইজারল্যান্ডে গত শুক্রবার শেষ হওয়া সর্বশেষ দফা আলোচনায় ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ, ফরাসি, জার্মান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। তবে কিছু ‘গুরুত্বপূর্ণ ইস্যুতে’ এখনো সমঝোতা হয়নি বলেও স্বীকার করেছেন তাঁরা।
লন্ডনে নিজেদের মধ্যে একটি আলোচনা শেষে এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে শনিবার বলেন, ‘উদ্দেশ্যের একতার সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করা অব্যাহত রাখব। এখন ইরানের কঠিন সিদ্ধান্ত নেওয়ার এটাই সময়।’
ইরান এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে, তারা ছাড় দিতে রাজি আছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি শনিবার বলেছেন, একটি চুক্তি এখন আসলেই সম্ভব। এখন এমন কোনো বিষয় নেই, যা সমাধান করা যাবে না।
এদিকে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির বিষয়ে ইসরায়েলি নির্বাচনের ফল কোনো প্রভাব ফেলতে পারবে না। হাফিংটন পোস্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।